খেজুরগাছ

চোখ দুটো আবেশে বুজে আসবে আপনার, নিশ্চিত। ওই বুজে থাকা অবস্থায় কয়েক সেকেন্ড স্থির থাকবেন আপনি, এটাও নিশ্চিত। জগতের সব সুখ, সব শান্তি আর প্রাপ্তিকে পাশে ঠেলে, এ মুহূর্তকে স্থান দেবেন আপনি সবার ওপরে, নিশ্চিত এটাও। আপনার মনে হবে— এটাই জীবন, এতেই জীবনের সার্থকতা, বেঁচে থাকার গূঢ়রহস্য লুকিয়ে রয়েছে এরই মাঝে।
তারপর, তারপরও আপনার রেশ কাটবে না অনেকক্ষণ। ফুরফুরে বাতাসে ছাতিম ফুলের গন্ধে বিভোর হবেন আপনি নীরবে, গগনের উড়ে যাওয়া ভুবন চিলের কু শব্দে আলতো তাকাবেন আয়েশে, একটা নীলাভ প্রজাপতি হঠাৎ পথে থেমে একবার চক্কর দেবে আপনাকে ঘিরে; আপনার সেই মগ্নতা কাটবে না তখনো, মুগ্ধতা আরও ছড়িয়ে যাবে রন্ধ্রে, মগজে, অবয়বে; আপনার সমস্ত অস্তিত্বে।
দুই
চায়ের কাপটা মুখে দিলেন আপনি।
সকাল বয়ে যাচ্ছে, শীতের। কুয়াশার হালকা বিচরণ। কয়েকটা শালিক জবুথবু হয়ে ঠোঁট ঠুকছে মাটিতে। একদল চড়ুইও চিঁচিঁ করছে ব্যস্ততায়। শিশিরে ঢাকা সবজিক্ষেতে ফড়িং উড়ছে চিন্তাহীন। শুয়ে থাকা একটি আর দাঁড়িয়ে থাকা দুটি কাতুরে কুকুর তাকিয়ে রয়েছে কিছু পাওয়ার প্রত্যাশায়। হঠাৎ কানে এলো আপনার, ‘মামা, একটু গুড় দেই চায়ে। গুড় খান আপনি? খেজুরের গুড়?’
রাস্তার কিনারে দাঁড়ানো টঙ চা-ঘরের দোকানদারের দিকে তাকালেন আপনি। চোখে বিশ্বাস, দেহে নির্ভার। কাপটা এগিয়ে দিলেন আপনি। তাতে খেজুরের সামান্য গুড় মেশালেন দোকানদার। ফেরত দিলেন কাপ। চুমক দিলেন আপনি আবার। স্বাদ আর গন্ধে কেমন উতলা হয়ে উঠল আপনার ভেতরটা। চোখ বুজে এলো আপনার। অনুভব করলেন— জীবন সুন্দর, গুড় মেশানো চায়ে আরও সুন্দর।
তিন
ব্যস্ততায় তাকাতে পারছেন না আপনি এদিক-ওদিক। ক্যালকুলেটরে আঙুলের ঘন ঘন চাপ, হিসাব মেলে না তবুও। সিদ্ধান্ত আর বাস্তবায়নেও কেমন সমন্বয়হীনতা। পরিকল্পনাগুলো কল্পনাতেই থেকে যাচ্ছে প্রতিদিন। স্বপ্নের নির্লজ্জ দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা সবসময়। ভাবনার শেষ নেই আপনার, চিন্তার নেই সীমা।
টেবিলে খট করে আওয়াজ হলো ছোট্ট। কম্পিউটার থেকে চোখ সরালেন, শব্দের উৎস খুঁজলেন চোখে। কুঁচকানো চোখ প্রশস্ত হলো, ভ্রু দুটো সটান হলো ধীরে, মুখে প্রলেপ দিল মৃদু হাসি— এক বাটি পায়েস। বউ অথবা মা রেখেছেন আদরে, ভালোবাসায়। লালচে, ঘন, জমাট।
মুখে দিলেন এক চামিচ, খেজুর রসের পায়েস। জিভ নেচে উঠল প্রাপ্তিতে। লালা ঝাঁপিয়ে পড়ল চারপাশে। ভোগের মগ্নতা। চোখ বুজে এলো আপনার। বুঝে গেলেন— জীবন জটিল নয়, আনন্দ আছে পরতে পরতে।
চার
খাবার আছে অনেক— গুড়ের সন্দেশ, গুড়ের ফিরনি, গুড়ের চিতই-ভাপা পিঠা, গুড়ের মালাই।
মুখ ভরে যাচ্ছে রসের বানে।
পাঁচ
জাস্ট কল্পনা করুন— লম্বা একটা রাস্তা, তার দুই পাশে শত শত খেজুরগাছ। খেজুর দুলছে, বাবুইয়ের বাসা ভাসছে, রসের হাঁড়ি ঝুলছে।
বৃক্ষরোপণের অসিলায় পুরো ঢাকা শহরে আবোল-তাবোল গাছের সমাহার। প্রকৃত দূরত্ব মেপে গাছ না লাগানো; কোথায় কী গাছ লাগাতে হবে, তা না জানা; গাছ লাগানোর পর তার যত্ন না নেওয়া, অনেক কিছু।
একদিন হঠাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলে গেলেন আপনি; কিংবা পূর্বাচলে যাওয়ার ৩০০ ফিট রাস্তায়। চারপাশে সারি সারি খেজুরগাছ; যেদিকে চোখ যায়, যত্রতত্র খেজুরগাছ; চিকন পাতার চিতল লম্বা গাছ, সোজা-সটান সবকিছু পেরিয়ে মাথা উঁচু করা গাছ।
কেমন লাগবে আপনার?
অথচ সারা ঢাকা শহরে তেমন খেজুরগাছ নেই। পাম আছে, ইউক্যালিপটাস আছে, লাখো টাকার বনসাই আছে, ফুল গাছের নামে অনেক জঙ্গল গাছ আছে; কিন্তু খেজুরগাছ নেই!
সারা দেশেও খেজুরগাছ কমে যাচ্ছে ধীরে।
আরও আশঙ্কার কথা হচ্ছে— যে খেজুরগাছগুলো রয়েছে, দক্ষ গাছির অভাবে সেগুলো থেকে রস সংগ্রহ করা যাচ্ছে না। গাছিরা বলেন, গাছ ছাঁটাই করা, নালি টানা ও হাঁড়ি বাঁধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমের। সারা দিন কাজের তুলনায় রস বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ থাকে না। ফলে নতুন গাছি তৈরি হচ্ছে না। তাই যশোরের চৌগাছায় ২ লাখ খেজুরগাছের মধ্যে ১ লাখ ৭০ হাজার গাছের রস সংগ্রহ করা যাচ্ছে না এ বছর!
এটা কোনো কথা!
মাত্র ১০ লাখ
মাত্র ১০ লাখ খেজুরগাছ লাগাতে চাই আমরা সারা দেশে। প্রকল্পের নামে অর্থের অধিকাংশ অপচয়ে আমরা সারা দেশে যে গাছগুলো লাগাই, তার পাশাপাশি খেজুরগাছ লাগাতে চাই। গাছগুলো বড় হবে। গাছি লাগবে তারপর। এই গাছি তৈরিতে প্রশিক্ষণ দিতে হবে, প্রণোদনা দিতে হবে তাদের। পুকুর কাটার প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার ঘটনা দেখেছি আমরা, ভালো লিফট কেনার সন্ধানের জন্য বিদেশে যাওয়ার ঘটনা দেখেছি আমরা, চালের পোকা দমনের ওষুধ দেখার জন্য বিদেশে যাওয়ার ঘটনা দেখেছি আমরা। বিপুল খরচ, রেজাল্ট শূন্য। কিন্তু গাছিদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাতে হবে না তাদের, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষও লাগবে না প্রশিক্ষণের, রোতলজাত পানি কিংবা পাঁচতারা রেস্টুরেন্টের খাবারেরও প্রয়োজন নেই আদৌ।
শুধু দরকার সৎ চিন্তা আর সদিচ্ছা।
আবার বলে যাই— আরও ১০ লাখ খেজুরগাছ লাগাব আমরা সারা দেশে। গাছের অভাবে একদিন কিছু প্রিয় খাবার হারিয়ে যাবে, তা হতে দেওয়া যায় না। আমরা আমাদের সন্তানদের ভালেবাসি, প্রজন্মকে বঞ্চিত করতে চাই না আদি সুখ থেকে, আমরা আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখব— রস আর পিঠার গন্ধে হািরয়ে দেব সব অসততা, দুর্নীতি আর খুন-বারুদের তীব্র অশ্লীল গন্ধ!



