ত্রিমাত্রিক
শূন্যরেখায় বসে কে

গল্পটা আবারও বলি, বিদেশি গল্প।
চোখ বুজে মেঝেতে বসে আছেন সাধুবাবা। তার সামনে দেশের বিভিন্ন ক্ষমতাধর মানুষ বসা, মন্ত্রী-এমপি বসা, সচিব বসা, পুলিশ বসা, সাংবাদিক বসা, ডাক্তার-ইঞ্জিনিয়ার বসা, ব্যবসায়ী বসা; কয়েক ডজন উচ্চপদস্থ বসা, ওই মেঝেতেই বসা। সবার একটাই চাওয়া— দুর্নীতি দূর করতে হবে দেশ থেকে। কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না শতচেষ্টায়ও। কোনো উপায় না পেয়ে শেষে তাই এই সাধুবাবার কাছে আসা, তার কাছ থেকে একটা উপায় বের করা।
‘খিদা লাগছে, খাবার দে।’ কিছুটা চমকে উঠে বাম দিকে তাকালেন সবাই। ছাদের লোহার আংটা থেকে একটা শিকল ঝোলানো আছে, তার সঙ্গে একটা খাঁচা। সেই খাঁচার ভেতরটা একটা তোতা পাখি।
‘আপনারা যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন, তার সমাধান আছে আমার কাছে।’ চোখ বুজে আছেন এখনো সাধুবাবা। ডান হাতের তর্জনী দিয়ে ইশারা দিলেন তিনি পাখির দিকে, ‘মন্ত্রী সাহেব, প্লিজ, পাখিটাকে খাবার দিয়ে আসুন।’
দুহাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালেন মন্ত্রী সাহেব। খাঁচার পাশে রাখা একটা পাত্র থেকে ভেজানো ছোলা নিলেন তিনি। হাত উঁচু করে তোতার সামনে রাখা পাত্রে রাখলেন তারপর।
‘ধন্যবাদ আপনাকে।’ মেঝেতে আবার বসতেই মন্ত্রী সাহেবকে সাধুবাবা বললেন, ‘আমি একটা মন্ত্র পড়ে ফুঁ দেব, তারপর একটা ঘটনা ঘটবে। আপনারা তখন বুঝতে পারবেন এ দেশে কে কে দুর্নীতিবাজ।’
‘বাহ।’ কিছুটা হাততালি দিয়ে বসলেন মন্ত্রী সাহেব।
‘খিদা লাগছে, খাবার দে।’ তোতা পাখিটি আবার তার অতৃপ্তি জানাল।
মন্ত্রী সাহেবের বাম পাশে বসা এমপি সাহেব উঠলেন এবার। ছোলা নিয়ে হাত উঁচু করে তোতার সামনের পাত্রে রাখলেন নিঃশব্দে।
‘আমি কি ফুঁ দেওয়ার প্রস্তুতি নেব?’ চোখ বোজা অবস্থাতেই জিজ্ঞেস করলেন সাধুবাবা।
‘অবশ্যই অবশ্যই।’ সমস্বরে বলে উঠলেন সামনে বসা সবাই।
‘আপনারা আরও একবার ভেবে বলুন।’
‘ভাবাভাবির কিছু নেই।’ জাঁদরেল এক বয়স্ক সাংবাদিক বললেন, ‘আপনি শুরু করুন, বাবা।’
‘খিদা লাগছে, খাবার দে।’ তোতা আগের মতোই চিৎকার করে বলল।
উচ্চপদস্থ পুলিশ অফিসার খাবার দিলেন এবার তোতাকে।
সাধুবাবা বিড়বিড় করে কী যেন বলছেন। ঠোঁট নড়ছে তার। বোঝা যাচ্ছে না কোনো কিছু। কয়েক সেকেন্ড এরকম ঠোঁট নাড়িয়ে তিনি ফুঁ দিলেন সামনে, ডান পাশে, বাম পাশে, চারপাশে। তারপর চোখ খুলে ফেললেন তিনি, ‘আমি সারা দেশের দুর্নীতিবাজদের ছোট করে দিয়েছি। তারা এমনিতেই দেশের-সমাজের কাছে ছোট বা খারাপ মানুষ, এবার তাদের শারীরিকভাবে ছোট করে দিলাম। এরকম বেঁটে মানুষ দেখলেই আপনারা বুঝে যাবেন— তিনি দুর্নীতিবাজ, তিনি খারাপ মানুষ।’
‘খিদা লাগছে, খাবার দে।’ তোতার কর্কশ কণ্ঠ শোনা গেল আবার।
সাধুবাবার কাজ করার ভঙ্গিতে প্রচণ্ড উৎসাহী হয়ে উঠলেন মন্ত্রী সাহেব। ঝট করে উঠে দাঁড়ালেন তিনি। পাখির খাবার নিয়ে হাত উঁচু করলেন, দিতে চাইলেন পাখির সামনে রাখা পাত্রে। কিন্তু খাঁচা পর্যন্ত হাত গেল না তার, হাত পৌঁছাতে পারলেন না তিনি সেখানে। ভয়ে, আতঙ্কে তিনি নিজের দিকে তাকালেন। চোখ বড় হয়ে গেল তার— অনেক ছোট হয়ে গেছেন তিনি, বেঁটে মানুষের মতো দেখাচ্ছে তাকে এখন।
সাধুবাবার সামনে বসা দেশের গুণিজন, সুশীল, উচ্চপদস্থ, বড় মানুষদের সবাই উঠে দাঁড়ালেন। খাটো হয়ে গেছেন তারাও। বেঁটে মানুষের দল এখন ঘরের মাঝে, সাধুবাবার সামনে।
দুই
সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন কথাটা। তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে টিআইবি এবং তা প্রত্যাহার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছে। পরে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী।
‘উপহার’ আর ‘ঘুষ’— এ দুটির মাঝে ঠিক কতটুকু পার্থক্য, এই বাংলাদেশের প্রেক্ষাপটে, তা নিয়ে অন্তত পাঁচ হাজার শব্দের একটি জ্বালাময়ী প্রবন্ধ লেখা যাবে। এত বড় লেখা কেউ আর এখন পড়েন না, প্রবন্ধও পছন্দ করেন না অনেক পাঠক। তাই ছোট্ট করে ওপরের গল্পটি দেওয়া হলো। আমাদের চারপাশে নানা আকারের, নানা উচ্চতার মানুষ। কিন্তু একটা জায়গায় অনেকেই সমান-লোভ, অন্যায় আর অতৃপ্তির কাছে। উপহার আর ঘুষের পার্থক্য বুঝতে পারা মানুষ খুঁজতে গিয়ে দেখা যাবে— এমন মানুষ নেই, চারদিকে শূন্য আর শূন্যতা।
তিন
পিলার নাম্বার ১০৭৬, বাংলাদেশ আর ভারত সীমান্তে। এই শূন্যরেখায় পাঁচ দিন ধরে এক নারী ছিলেন খোলা আকাশের নিচে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছিলেন না তিনি!
শূন্যরেখায় কি কেবল ওই মহিলাই রয়েছেন, আর কেউ নেই?
নির্বাচন হয় আমাদের দেশে বছর বছর। প্রতিশ্রুতির সমাহারে ক্ষমতায় আসে কিছু মানুষ। তারপর সেই প্রতিশ্রুতি শূন্যে ভেসে যায়। আমরা ধীরে ধীরে টের পাই— আমাদের দুর্নীতি দূর করা শূন্য, আমাদের দেশপ্রেম শূন্য, আমাদের সেবার মান শূন্য, আমাদের নিরাপত্তা শূন্য, আমাদের সহিষ্ণুতা শূন্য, আমাদের ভালোবাসা শূন্য, আমাদের বেঁেচ থাকার স্বাদ শূন্য। আমাদের চারপাশে শুধুই শূন্যতা। আমাদের মাটিতে শূন্যতা, বাতাসে শূন্যতা, গাছ-লতাপাতায় শূন্যতা, আকাশে শূন্যতা, গোল সূর্য আর চাঁদেও শূন্যতা, আকাশভরা শূন্যতা।
আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। একদিন বুঝে যাই, জেনে যাই— আমাদের মাথার ভেতরটাও শূন্য, আমার হৃদয় শূন্য, মানবিকতা-মনুষ্যত্ব শূন্য। আমাদের দেশ আর এগোয় না। শূন্যের জায়গায় শূন্যই রয়ে যায়। শূন্যের মতো গোল গোল শূন্যময় চোখ দিয়ে দেখি— আমরা নিজেরাও শূন্য, নিজেদের অস্তিত্বও বিলীন হয়েছে শূন্যে, মহা এক শূন্যে, অনন্ত শূন্যে!



