দুবাইয়ে রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে প্রেম, কেরালার মেয়েকে বিয়ে করলেন পীরগঞ্জের মাসুদ রানা

অশ্বিনী ও মাসুদ রানা, ডানের ছবিতে পীরগঞ্জে
সংযুক্ত আরব আমিরাতের একটি রেস্তোরাঁয় কাজ করতেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তরুণ মাসুদ রানা। সেখানে কাজ করতেন ভারতের কেরালার তরুণী অশ্বিনী। এরপর দুজনের সম্পর্ক হয়ে যায়। মাসুদ রানা অশ্বিনীকে বিয়ের প্রস্তাব দেন। অশ্বিনী রাজি হন। সেখানের আদালতে দুজনে বিয়ে করেন।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর গ্রামের বাড়িতে এসেছেন অশ্বিনী। ভিনদেশি তরুণীর আসার খবর ছড়িয়ে পড়ায় তাকে এক নজর দেখতে প্রতিদিন রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
জানা যায়, ২০২১ সালের শেষ দিকে জীবিকার তাগিদে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ করতে আসেন কেরালার তরুণী অশ্বিনী। সেখান থেকেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অশ্বিনী একটি সেলফি তুলছেন, সেই সেলফিতে রেস্তোরাঁর বেশ কজন কর্মী। এই ছবির ক্যাপশনে মাসুদ রানা লিখেছজেন, সেই সেলফি তোলার পরেরদিন অশিনীকে প্রস্তাব দিয়েছিলাম।
মাসুদ রানা বলেন, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর বাসা ভাড়া নিয়ে দুবাইতে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি বাংলাদেশে দুজনে ঘুরতে এসেছেন। সামাজিক মাধ্যমে দুবাই থেকে দেশে ফেরার একাধিক ভিডিও তারা প্রকাশ করেছেন।
অশ্বিনী বলছেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা—দুজনের পছন্দের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
অশ্বিনীর ভাষ্য, তার পরিবার সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। দুবাই থেকে প্রথমে ভারতে যান তিনি, পরে সেখান থেকে স্বামীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সবাইকে তিনি ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন।
রানার মা বলেন, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের এই তরুণীর পরিচয় ও প্রেম হয়। পরে তারা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবার সম্পর্কটি মেনে নিয়েছে। ছেলে ও ছেলের বউ এখন বাড়িতেই আছেন। পুত্রবধূকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানান তিনি।




