দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ
‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’ দেশের সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে তার এই পোস্ট সামনে এলো।
এর আগে গত ১৩ নভেম্বর দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে আরেকটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। গত ৭ থেকে ১০ নভেম্বর চার দিনে দেশের ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৩২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম। এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে অপরাধের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতির উন্নতির কথাও বলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ড ২৮৭টি কমেছে।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। শুরুতে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২৪ সালের নভেম্বরে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে উপদেষ্টার পদ ছাড়েন তিনি। বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই উপদেষ্টা।





