ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস
রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জানিয়েছেন, চাকরির পথে না গিয়ে রাজনীতিতেই উৎসর্গ করতে চান নিজের জীবন।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এ কথা তুলে ধরেন তিনি। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে দীর্ঘ অনুভূতিপূর্ণ বার্তা লেখেন এবং সরাসরি বলতে না পারা কথাগুলো প্রকাশ করেন এ ছাত্রদল নেতা।
স্ট্যাটাসে তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা, হামলা, গ্রেপ্তারের ভয় এবং ক্যাম্পাসে নিয়মিত যেতে না পারার বাস্তবতা সত্ত্বেও থেমে থাকেননি তিনি। জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই হয়েছেন অনার্স ও মাস্টার্সে বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের একজন।
তিনি বলেন, ইচ্ছা করলে যেতে পারতেন শিক্ষকতার মতো পেশায়। তবে মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদলের রাজনীতির প্রতি দায়বদ্ধতা থেকেই ভিন্ন পথ বেছে নিয়েছেন তরিকুল। এ পথচলায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, শরীরে বহন করছেন গুলির চিহ্ন ও স্প্লিন্টার।
তরিকুল ইসলাম আরও জানান, বিভিন্ন ধর্ম ও অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে চালিয়ে যাচ্ছেন নিজের সর্বোচ্চ চেষ্টা।
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া জীবনের বড় অর্জন বলে উল্লেখ করে তিনি। ‘এখন একমাত্র লক্ষ্য রাজনীতির মধ্যেই থাকা এবং দলের জন্য কাজ করা। এমন কোনো চাকরি চাই না, যা রাজনীতি ও নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেবে আমাকে।’
স্ট্যাটাসের শেষে এ ছাত্রদল নেতা বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দলের যেকোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। সুযোগ পেলে আমৃত্যু দলের প্রতি তার অঙ্গীকার অটুট রাখবেন বলেও জানান।
উল্লেখ্য, বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তরিকুল ইসলাম তারিক। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি।




