কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও আটজন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে ঘটে এ দুর্ঘটনা।
নিহত হারুন গাজী মহিপুর থানার নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
আহতদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পাখিমারা এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয় একটি ইজিবাইক। কলাপাড়া সেতুর ওপর অবস্থিত অবৈধ স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি, গুরুতর আহত হন যাত্রীরা।
পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হারুন গাজীকে বরিশালের একটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান নোভা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।




