হাদিসের কথা
মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে যে ছয় আমল

প্রতীকী ছবি
ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত ও আধ্যাত্মিক সাধনার ধর্ম নয়; এটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পারস্পরিক দায়িত্ববোধ এবং সামাজিক সম্প্রীতিরও পূর্ণাঙ্গ জীবনবিধান। একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের কী কী অধিকার রয়েছে, মহানবী (সা.) তা অত্যন্ত সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ ভাষায় তুলে ধরেছেন। এসব অধিকার পালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। এ প্রসঙ্গে আবূ হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ " قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ "
আবূ হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। প্রশ্ন করা হলো- সেগুলো কী, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, (সেগুলো হলো-) ১. কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে, ২, তোমাকে দাওয়াত করলে তা তুমি কবুল করবে, ৩. সে তোমার নিকট ভাল উপদেশ চাইলে, তুমি তাকে ভাল উপদেশ দিবে, ৪. সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ্ বললে, তার জন্যে তুমি (ইয়ারহামুকাল্লাহ্ বলে) রহমতের দোয়া করবে, ৫. সে পীড়িত হলে তার সেবা-শুশ্রুষা করবে এবং ৬. সে মৃত্যুবরণ করলে তার (জানাযার) সাথে যাবে।
এই হাদিসে মুসলিম ভ্রাতৃত্বের ছয়টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সালাম বিনিময় সৌহার্দ্য বাড়ায়, দাওয়াতে সাড়া দেওয়া পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে, সৎ পরামর্শ কল্যাণের পথ দেখায়, হাঁচির জবাবে দোয়া আন্তরিকতা প্রকাশ করে, অসুস্থ ব্যক্তির সেবা সহমর্মিতা শেখায় এবং জানাজায় অংশগ্রহণ মৃত ব্যক্তির প্রতি সম্মান ও স্বজনদের প্রতি সমবেদনা জানানোর সুযোগ সৃষ্টি করে। এগুলো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের বাস্তব শিক্ষা।
আসুন, আমরা প্রত্যেকে এই ছয়টি অধিকার যথাসাধ্য পালনের মাধ্যমে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও সুন্দর করি। ব্যক্তিগত বিরোধ ও সংকীর্ণতা ভুলে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং ইসলামের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি।



