হাদিসের ঘটনা
সামান্য পানিও হতে পারে গুনাহ মাফের কারণ!

প্রতীকী ছবি
মানুষের প্রতি দয়া দেখানোকে আমরা মানবিকতার পরিচয় মনে করি। কিন্তু ইসলামের দৃষ্টিতে দয়ার পরিধি আরও বিস্তৃত। তা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রতিই মমতা, সহানুভূতি ও কল্যাণের আচরণ ইসলামের সৌন্দর্যের অংশ। একটি তৃষ্ণার্ত প্রাণীকে সামান্য পানি পান করানোও যে আল্লাহর কাছে কত মূল্যবান হতে পারে, রাসুলুল্লাহ (সা.)-এর একটি হৃদয়স্পর্শী ঘটনা আমাদের সেই শিক্ষা দেয়। সহিহ বুখারি বর্ণিত হয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأخُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ ثُمَّ رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল যে, একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবল, কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ তাআলা তার আমল কবুল করলেন এবং আল্লাহ তার গোনাহ মাফ করে দেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসুল! চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সাওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। (বুখারি, হাদিস : ২৩৬৩)
হাদিস দ্বারা বুঝায় যায় যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব সময় বড় কোনো কাজের প্রয়োজন হয় না। কখনো একটি তৃষ্ণার্ত প্রাণীকে এক পাত্র পানি পান করানো, ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া কিংবা কোনো অসহায় প্রাণীকে বিপদ থেকে রক্ষা করাও আল্লাহর কাছে মূল্যবান হয়ে উঠতে পারে। তাই আমাদের চারপাশের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা নয়, দয়া ও সহমর্মিতার আচরণ করা উচিত। বিশেষ করে প্রচণ্ড গরমের দিনে বাসাবাড়ি, মসজিদ বা পথের পাশে পাখি ও অন্যান্য প্রাণীর জন্য পানি রাখার মতো ছোট উদ্যোগও হতে পারে বড় সওয়াবের কারণ। মানুষের প্রতি মমতা যেমন ঈমানের সৌন্দর্য, তেমনি প্রাণীর প্রতিও দয়া একজন মুমিনের হৃদয়ের কোমলতার পরিচয়।
লেখক: শিক্ষার্থী, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গি।







