আড়ি পাতা: কৌতূহলের আড়ালে ভয়ংকর অপরাধ

গ্রাফিকস: আগামীর সময়
মানুষের স্বভাবের একটি প্রবল দুর্বলতা হলো কৌতূহল—কে কী বলছে, কার সঙ্গে কী আলোচনা করছে, কার জীবনে কী ঘটছে—এসব জানার আগ্রহ। কৌতূহল কখনো জ্ঞান অর্জনের পথ খুলে দেয়, আবার কখনো মানুষকে এমন এক নিষিদ্ধ সীমারেখায় নিয়ে যায়; যা ব্যক্তির জন্য খুবই ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে অন্যের ব্যক্তিগত কথায় আড়ি পাতা। ইসলামের দৃষ্টিতে এটি শুধু কৌতূহল নয়; বরং মানুষের গোপনীয়তা ও মর্যাদায় অনধিকার হস্তক্ষেপ।
রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন— ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা শোনে, অথচ তারা তা অপছন্দ করে, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস: ৭০৪২)
হাদিসের এই ভয়াবহ সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দেয়—কানে আসা আর আড়ি পেতে শোনা এক বিষয় নয়। কোথাও অনিচ্ছাকৃতভাবে কোনো কথা কানে আসা অপরাধ নয়; কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্যের ব্যক্তিগত আলাপ শোনার চেষ্টা করা নিঃসন্দেহে নিন্দনীয়।
অনেক সময় আড়ি পাতার শুরুটা হয় খুব সাধারণ একটি প্রশ্ন দিয়ে—‘ওরা কী কথা বলছে?’ এই সামান্য কৌতূহলই ধীরে ধীরে মানুষকে অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে অভ্যস্ত করে তুলতে পারে। অথচ একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে নিজের কৌতূহলকে নিয়ন্ত্রণ করবে এবং অন্যের গোপনীয়তাকে সম্মান করবে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন— ‘তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না।’ (সুরা হুজুরাত, আয়াত : ১২) যাতে বুঝা যায় যে, অন্যের অজানা বিষয় জানার জন্য অনুসন্ধান চালানো ইসলামী চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সময়ের সঙ্গে আড়ি পাতার ধরনও বদলে গেছে। আগে হয়তো দেয়ালের আড়ালে দাঁড়িয়ে অন্যের কথা শোনা হতো; এখন প্রযুক্তির যুগে এর রূপ আরও সূক্ষ্ম। কারও ব্যক্তিগত চ্যাট পড়া, অনুমতি ছাড়া ফোন দেখা, ব্যক্তিগত অডিও শোনা, গোপন কথোপকথন রেকর্ড করা কিংবা অন্যের ব্যক্তিগত তথ্য অনুসন্ধান করা—এসবও গোপনীয়তা লঙ্ঘনের পর্যায়ে গণ্য হবে।
প্রযুক্তি আমাদের অনেক কিছু জানার সুযোগ দিয়েছে; কিন্তু সবকিছু জানার অধিকার দেয়নি। একজন সচেতন মুসলিমের কাছে এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেউ যখন ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কথা বলে, তখন সে স্বাভাবিকভাবেই প্রত্যাশা করে যে তার কথা অনধিকার কেউ শুনবে না। সেই আস্থার জায়গাটি রক্ষা করা নৈতিক দায়িত্ব। অন্যের গোপন কথা জেনে ফেলা যেমন অপরাধ হতে পারে, তেমনি তা অন্যের কাছে ছড়িয়ে দেওয়া আরও বড় ক্ষতির কারণ হতে পারে।
তাই কোনো ব্যক্তিগত আলাপ কানে এলে নিজেকে প্রশ্ন করা উচিত—‘এই কথাটি শোনা কি আমার অধিকার আছে?’ উত্তর যদি ‘না’ হয়, তাহলে কৌতূহলকে দমন করে সরে আসাই একজন মুমিনের সৌন্দর্য।
আমরা সাধারণত চোখ ও জিহ্বার হেফাজতের কথা বলি। কিন্তু এই হাদিস আমাদের শেখায়, কানেরও হেফাজত প্রয়োজন। কারণ একটি অনিয়ন্ত্রিত কান কখনো কখনো এমন তথ্য সংগ্রহ করে, যা জানার কোনো অধিকারই আমাদের ছিল না।
কয়েক মুহূর্তের কৌতূহল হয়তো আমাদের আনন্দ দিতে পারে, কিন্তু সেই কৌতূহল যদি কারও গোপনীয়তা ভঙ্গ করে, তাহলে তা পরিণত হতে পারে গুরুতর গুনাহে।
আড়ি পাতা কেবল অন্যের কথা শোনা নয়; এটি মানুষের ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করারও নাম। ইসলাম এমন সমাজ চায়, যেখানে মানুষ একে অপরের সম্মান, গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরকে নিরাপদ মনে করবে।
তাই আসুন! আমরা অন্যের দরজার আড়ালে না দাড়িয়ে নিজের নফসের দিকে নজর দেই। অন্যের কথার পেছনে না ছুটে নিজের আমলের হিসাব নিয়ে ব্যস্ত থাকি। কারণ দুনিয়ার সামান্য কৌতূহল মেটানোর চেয়ে কিয়ামতের কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচানোই একজন মুমিনের প্রকৃত সাফল্য।
লেখক: আলেম ও সাংবাদিক





