নবীজির ভাষ্যমতে উত্তম কয়েকটি আমল

প্রতীকী ছবি
ইসলাম মানব কল্যাণ ও পারস্পরিক ভালোবাসার ধর্ম। এখানে ইবাদত-বন্দেগির পাশাপাশি মানুষের মুখে হাসি ফোটানো, বিপদে সহযোগিতা করা এবং অভাবগ্রস্তের প্রয়োজন পূরণ করাকেও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। একজন মুমিনের জীবনের সৌন্দর্য শুধু ব্যক্তিগত আমল-ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং অন্য মানুষের জীবনেও কল্যাণের ছোঁয়া পৌঁছে দেওয়ার মধ্যে তার প্রকৃত সার্থকতা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে এমন তিনটি আমলের কথা তুলে ধরেছেন, যেগুলো মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য প্রকাশ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أَفْضَلُ الْأَعْمَالِ أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُؤْمِنِ سُرُورًا، أَوْ تَقْضِيَ عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا
‘উত্তম আমলগুলোর মধ্যে রয়েছে, তুমি তোমার মুমিন ভাইয়ের মনে আনন্দ দেবে, অথবা তার ঋণ পরিশোধ করে দেবে, কিংবা তাকে রুটি খাওয়াবে।’ (সহিহ আল-জামি, হাদিস : ১০৯৬)
হাদিসে প্রথমেই উল্লেখ করা হয়েছে, মুমিন ভাইয়ের মনে আনন্দ সৃষ্টি করার কথা। মানুষের মন জয় করার অন্যতম উপায় হলো তার সঙ্গে সুন্দর আচরণ করা, বিপদে পাশে দাঁড়ানো, তার দুঃখ-কষ্ট মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অনেক সময় সামান্য একটি ভালো কথা, আন্তরিক হাসি কিংবা সহানুভূতির প্রকাশও হতাশাগ্রস্ত মানুষের মনে নতুন আশার সঞ্চার করে। ইসলাম মানুষের আবেগ-অনুভূতির প্রতিও কতটা গুরুত্ব দিয়েছে, এ হাদিস তারই প্রমাণ। তবে আনন্দ দেওয়ার নামে কোনো অন্যায়, প্রতারণা কিংবা শরিয়তবিরোধী কাজে সহযোগিতা করা যাবে না।
দ্বিতীয় আমল হলো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া। ঋণের বোঝা মানুষের জীবনে কতটা মানসিক চাপ ও অসহায়ত্ব সৃষ্টি করতে পারে, তা সহজেই অনুমেয়। অনেক মানুষ অভাবের তাড়নায় ঋণ গ্রহণ করেন, কিন্তু নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে পারেন না। এমন পরিস্থিতিতে সামর্থ্যবান ব্যক্তির এগিয়ে আসা অত্যন্ত মহৎ কাজ। কারও ঋণের বোঝা লাঘব করা মানে শুধু তার আর্থিক সংকট দূর করা নয়, বরং তার মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনযাপনের পথও সুগম করা। এ ধরনের সহযোগিতা সমাজে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে।
তৃতীয় আমল হলো, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম খাদ্য। অথচ আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে, যারা দুবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খায়। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনে জান্নাতের অধিকারী নেককার বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার খাওয়ায়।’ (সুরা দাহর, আয়াত : ৮)।
এই হাদিস আমাদের শেখায়, মানুষের কল্যাণে কাজ করার জন্য সব সময় বড় আয়োজন কিংবা বিপুল সম্পদের প্রয়োজন হয় না। একটি আন্তরিক আচরণ, সামর্থ্য অনুযায়ী ঋণ পরিশোধে সহযোগিতা কিংবা একবেলা খাবার উপহার দেওয়াও হতে পারে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তাই ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা প্রতিটি মুমিনের কর্তব্য।
মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে এই তিনটি মহৎ আমল বাস্তবায়নের তাওফিক দান করুন।
লেখক: আলেম ও সাংবাদিক



