ম্যানচেস্টারে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ শেখ সাদ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের সাফল্যের পালকে যুক্ত হলো নতুন একটি অর্জন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। তার এই সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে ২৬ থেকে ৩০ আগস্ট পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬’। ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১০ জন হাফেজ অংশ নেন।
প্রতিযোগিতায় ২১ থেকে ৩০ বছর বয়সী প্রতিযোগীদের জন্য নির্ধারিত ‘এ টু’ গ্রুপের পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি অর্জন করেন তৃতীয় স্থান।
গত সোমবার (৩১ আগস্ট) প্রতিযোগিতার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
শেখ সাদ রাজধানীর মিরপুর-১-এর সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কৃতী ছাত্র। আন্তর্জাতিক অঙ্গনে তার এই অর্জনে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষক ও সংশ্লিষ্টরা।
মারকাযু ফয়জিল কুরআনের হিফজ বিভাগের শিক্ষক মাওলানা মাসরুর আগামীর সময়কে বলেন, ‘শেখ সাদ মুহাম্মাদ নুর আমাদের ছাত্র। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সে আজ বাংলাদেশে ফিরেছে। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানিয়ে দুপুর ২টার দিকে মাদরাসায় নিয়ে আসা হয়েছে।’
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুমও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে শেখ সাদের আন্তর্জাতিক সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় সাফল্যের এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে এ প্রতিষ্ঠানের হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজসহ একাধিক শিক্ষার্থী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন।
নতুন করে শেখ সাদ মুহাম্মাদ নুরের এই অর্জন সেই সাফল্যের ধারাবাহিকতাকেই আরও সমৃদ্ধ করল। তার তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের হিফজ শিক্ষার মান ও আন্তর্জাতিক পরিসরে দেশের তরুণ হাফেজদের সক্ষমতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।







