রমজানের প্রথম তারাবিতে মুসল্লিদের উপচে পড়া ভিড়

সংগৃহীত ছবি
অপেক্ষার অবসান ঘটিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের আগমন ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় এশার পর সারাদেশে শুরু হয়েছে প্রথম তারাবি নামাজ।
ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে সমবেত হয়েছেন। এই নামাজ আদায়ের মধ্য দিয়ে মুমিন হৃদয়ে শুরু হয় সিয়াম সাধনার প্রস্তুতি।
আজ রাজধানীসহ দেশের প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বড় বড় ঈদগাহ ও মসজিদগুলোয় খতম তারাবিতে অংশ নিতে আগেভাগেই কাতার পূর্ণ করেন রোজাদাররা। ছোট-বড় সবার মাঝেই অন্যরকম এক ধর্মীয় উদ্দীপনা দেখা যাচ্ছে।
তারাবি শেষে শুরু হবে সেহরির প্রস্তুতি। আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা পালন শুরু করবেন। ইসলামিক ফাউন্ডেশন ও আলেম-ওলামারা রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে এই মাস অতিবাহিত করার আহ্বান জানিয়েছেন।



