সরকার বিদ্যুতের ক্ষেত্রে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেয়নি
- বিবৃতিতে গোলাম পরওয়ার

গ্রাফিকস: আগামীর সময়
বিদ্যুৎসংকট নিরসনে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি অভিযোগ করে বিরোধী দল জামায়াতে ইসলামী বলছে, এটি জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতার পরিচয়। সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত না নেওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলেও মনে করছে দলটি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত না নেওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। দেশের শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, নাগরিকরা বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাসসংকটে নিয়মিত রান্নাবান্নাসহ নিত্যকর্ম পরিচালনা করতে পারছেন না, শিক্ষার্থীদের অধ্যয়নে ব্যাঘাত ঘটছে। সর্বোপরি নাগরিকজীবন দুর্বিষহ হয়ে উঠছে।
গোলাম পরওয়ার বলেছেন, দেশে জ্বালানি-সংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। এর মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে গত বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যর্থতার চিত্রকে তুলে ধরে।






