দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সভা
প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান বিএনপির

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির গঠিত দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মহালয়ার মধ্য দিয়ে দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলটির অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলের কমিটি এবং অঙ্গসংগঠনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলের বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে কার্যক্রম সমন্বয় করছেন।
সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির কমিটিগুলোকে স্থানীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠনের আহ্বান জানানো হয়। এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদেরও সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়।
এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর মতো সরকারি উদ্যোগে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় সরকারের দুর্গাপূজাকেন্দ্রিক কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পর্যায়ক্রমে পরিদর্শন এবং পূজা উদ্যাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে সহযোগিতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে প্রথম দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানানো হয়।
কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত ও দেবাশীষ রায় মধু, যুবদলের সহধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্য সদস্যরা।
সভা শেষে কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্যসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন ও প্রস্তুতির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ অম্বেশানন্দ তাঁদের স্বাগত জানান এবং পূজার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে গঠিত বিএনপির পর্যবেক্ষণ কমিটিতে সংশোধন আনা হয়েছে। সংশোধিত কমিটিতে মিল্টন বৈদ্যের পরিবর্তে দলের নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।



