এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: ডা. শফিকুর

ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অঙ্গীকার করে বলেছেন, জামায়াতের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হলে স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবে না। তিনি বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের দলের যারা নির্বাচিত হবেন, তারা প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন।
শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, এমপি-মন্ত্রীদের স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি আমরা গ্রহণ করব না। সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে, আমরাও সেভাবেই চলব।
ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া অর্থ দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা একজন মানুষ কিংবা আজ যে শিশুটি জন্ম নিচ্ছে, সবারই এই টাকায় অংশ আছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই টাকা বিদেশে পাচার করে দিয়েছে।
ডা. শফিকুর বলেন, আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ করে দেব। ব্যবসায়ীদের আর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি আর কেউ ফেলাতে পারবে না। এমনকি ঢাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকেও চাঁদা দিতে হয়, এই অবস্থা আর চলবে না।
তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা করতে দেয় না। তারা কীভাবে হিজাব খুলে দেওয়ার কথা বলে? তারা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? আগে নিজের মা-বোনদের সম্মান করতে শিখুক। প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও মায়ের ইজ্জত কেড়ে নিতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কারো হাতে বেকার ভাতার কার্ড দিয়ে বেইজ্জতি করা হবে না। যুবক কর্মক্ষম মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। কাজ করে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে। মানুষ নিজের এলাকায় থেকে মেধা ও দক্ষতার মাধ্যমে স্বচ্ছন্দে বসবাস করতে পারবে।
জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে যারা পীর, দরবেশ, মুফতি হয়ে মানুষের কাছে ভোট চায়, আসলে তারা প্রতারক। ধর্মীয় পরিচয় হেয়, বিমাতাসুলভ আচরণ কিংবা কাউকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দেশকে বিভক্ত করতে দেওয়া হবে না।

