নিউ মার্কেটে দোকান লুটের ঘটনায় ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ, সাগর খান ও মাজেদুল ইসলাম
রাজধানীর নিউমার্কেট এলাকায় গ্লোব শপিং সেন্টারের ২য় তলায় হামলা করে মালামাল লুট ও দোকান দখলের ঘটনায় তিন নেতার পদ স্থগিত করেছে ছাত্রদল।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন—ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, আহ্বায়ক সদস্য পারভেজ মোশাররফ ও সাগর খান।
গতকাল বৃহস্পতিবারের ওই হামলার পর আজ শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্য শেখ পারভেজ মোশাররফ এবং সাগর খানের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে এ স্থগিতাদেশ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে, এর আগে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার হয়েছিলেন সাগর খান। এরপর গত ৯ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর ১৩ দিন পর আজ শুক্রবার তার সাংগঠনিক পদ স্থগিত হলো।




