প্রেস ক্লাবে রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
রিজভী বললেন, ‘চারদিকে জল্লাদরা কিলবিল করছে, মীরজাফররা ওত পেতে রয়েছে। বিদেশি নম্বরে যোগাযোগ করে কোথায় কীভাবে বোমা ব্লাস্ট করে ছবি দিতে পারলেই টাকা পাঠানো হয়। তাই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে আমাদের যে কোনো উপায়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। যদি ফ্যাসিবাদের কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটে, তবে কেউ পার পাবে না।’
তিনি আরও যোগ করলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই, পাশাপাশি প্রত্যেক দলের নিজস্ব রাজনৈতিক কর্মসূচিও থাকবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি।



