সরকারকে মূল্যায়নের সময় এখনো হয়নি : কাজী নাহিদ

১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মো. নাহিদ। ছবি: সংগৃহীত
সরকারের বয়স মাত্র ছয় মাস হওয়ায় এখনই এর ভালো-মন্দ মূল্যায়নের সময় হয়নি বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মো. নাহিদ।
শনিবার (২৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায় জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দলটির নতুন মহাসচিব মনোনীত হওয়ায় অনুষ্ঠানে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন কাজী নাহিদ।
জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর অনেকেই এই সরকারকে অসহযোগিতা করছেন। সরকারের বয়স ছয় মাস, ভালো-মন্দ মূল্যায়ন করার সময় এখনো হয়নি। প্রয়াত কাজী জাফর আহমদের হাতে গড়া জাতীয় পার্টি (একাংশ) বিএনপির রাজনৈতিক জোটে ছিল এবং এখনো আছে। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি (জাফর) এই সরকারকে সহযোগিতা করে যাবে।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জোটের অন্যতম শরিক ছিল কাজী জাফরের জাতীয় পার্টি। তিন দিন আগে পার্টির বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মনোনীত হওয়ায় কাজী মো. নাহিদকে অভিনন্দন জানাই। কাজী নাহিদ প্রয়াত নেতা কাজী জাফরের সুযোগ্য ভাতিজা, আপনাদের এলাকার সন্তান।’
কাজী নাহিদের নেতৃত্বে জাতীয় পার্টি (কাজী জাফর) আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আহসান হাবীব লিংকন।
উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান নবাব আলী আব্বাস খান, চট্টগ্রাম বিভাগের জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক পারভেজ শেখ রিদয়, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উপদেষ্টা এসএম আজিজ, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক খবির আহমদ মজুমদার এবং জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জিগির।
উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী সহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।








