গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু

গণভোটে জনগণের রায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গণভোটের রায় মানতে সরকারের এত অনীহা কেন? —প্রশ্ন তার।
আজ সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সাত দফা দাবি তুলে ধরে দলটি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিল, গণভোটে জনগণের রায়ের পর সেগুলো অকার্যকর হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের বিষয়ে আপত্তি জানালেও ক্ষমতায় এসে বন্দরটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। একইভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার বিরোধিতা করলেও তাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে গণভোটের রায় মানতে এত অনীহা কেন?
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন, তারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের প্রতারণা, ঋণের বোঝা ও হয়রানি থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ করতে হবে। রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ নিয়োগ ঠেকাতে চাকরির চুক্তি, নিয়োগকর্তা ও কাজের ধরন যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ইউরোপে বৈধ চাকরি পাওয়া কর্মীদের বিএমইটির ছাড়পত্র দ্রুত দেওয়ার দাবি জানান তিনি।
এবি পার্টির সাত দফা দাবির মধ্যে রয়েছে, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ, নিয়োগ ব্যয়ের স্বচ্ছতা, ঝুঁকিপূর্ণ নিয়োগ যাচাই, বিএমইটির ছাড়পত্রের জটিলতা নিরসন, বাংলাদেশে ইউরোপীয় ভিসা সেবা সম্প্রসারণ, বিদেশে প্রতারণার শিকার কর্মীদের আইনি সহায়তা এবং অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




