রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী কে?

সংগৃহীত ছবি
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে। আগামীকাল রবিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জামায়াতের এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন কে? এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে মুখ খুলছেন না কেউই।
দলটির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে জামায়াতের পছন্দের তালিকায় রয়েছেন দুজন। এলিডিপির প্রেসিডেন্ট অলি আহমদ ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তাদের দুইজন থেকে একজনের নাম চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামীকাল ১১ দলীয় ঐক্যের বৈঠকে মাহমুদুর রহমান ও অলি আহমেদের নাম তুলবে জামায়াতে ইসলামী। এর বাইরে আলোচনায় আরও নাম আসার সম্ভাবনা আছে। ১১ দলের সভায় তা চূড়ান্ত হবে এবং পরবর্তীতে ঘোষণা করা হবে।






