ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আগ্রহী ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডা. ফরহাদ হালিম ডোনার।
বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেছেন, ‘এটি মনোনয়ন বোর্ডের বৈঠক। স্থায়ী কমিটিই বোর্ডের সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে কে মনোনয়ন পাবেন, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ কারণে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।



