প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপি সরকার মানবাধিকার রক্ষার কথা বললেও বাস্তবে এমন আইন ও প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, যা নাগরিকের মৌলিক অধিকার সীমিত করতে পারে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনের আয়োজন করা হয় মানবাধিকার লঙ্ঘনমূলক আইন, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে।
মিরাজ শেখের নিখোঁজের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, পাঁচ মাস ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অথচ সরকারের পক্ষ থেকে গত সাত মাসে কোনো গুম হয়নি বলে বক্তব্য দেওয়া হচ্ছে। মিরাজের পরিবার থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়েও আপত্তি জানান এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুমের অভিযোগ তদন্ত হলে সেই তদন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীর শাস্তির বিধান থাকায় মানুষ গুমের অভিযোগ করতেও নিরুৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি।
গাজী সালাহউদ্দিন তানভীর ও গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, কারও বিরুদ্ধে কটূক্তি বা মিম তৈরি সমর্থনযোগ্য নয়; তবে এসব কর্মকাণ্ডকে সন্ত্রাস হিসেবে বিবেচনা করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া মতপ্রকাশের অধিকার সংকুচিত করতে পারে।
দুদক নিয়েও সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগ তদন্ত করা যেতে পারে। তবে বর্তমান সরকার দুদককে বিরোধী দলকে লক্ষ্য করে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের জাতিসংঘ সফরের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সেখানে তিনি শুধু বিএনপির নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানকেও বলব, দ্রুত সময়ের মধ্যে সঠিক দিশায় আসুন, গণতন্ত্রের পথে আসুন।’ একই সঙ্গে গুমের ঘটনার সঠিক তদন্ত, মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিত এবং সাইবার আইনে মতপ্রকাশের অধিকার সুরক্ষার দাবি জানান তিনি।



