এবি পার্টির চেয়ারম্যান
আ.লীগের সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে

ছবি: আগামীর সময়
বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।
আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের সময়সীমা দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজির মাধ্যমে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।
‘জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করার কৌশল পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং এতে নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে তৎকালীন সরকারের সংঘাতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না’
মঞ্জুর ভাষ্য, শেখ হাসিনা এখন আতঙ্ক ও সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।
‘জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে। তবে এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে’-যোগ করেন মজিবুর রহমান মঞ্জু।
সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে জানত কি না। এসব নাশকতা প্রতিরোধে সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।
সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্ষম না হলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের ঘোষণা দেন মঞ্জু। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করা হবে। প্রতিটি ঘটনার দায় নিতে হবে সরকার ও ফ্যাসিবাদী শক্তিকে।
সমাবেশে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।




