নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের পাশে ড্যাব নেতারা

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নেতারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন তারা।
ড্যাব নেতাদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় তাদের সঙ্গে আরও ছিলেন ড্যাবের সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক ডা.আসলামুল রুদ্র।
এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড্যাব সভাপতি ও মহাসচিব আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের সাইনবোর্ডে শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে মঙ্গলবার দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।



