আ. লীগ বিরোধী দলে থাকলে আগুন দেয়, সরকারে থাকলেও দেয় : দুদু

জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে শামসুজ্জামান দুদু
‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। দলটি দেশে ও বিদেশে বসে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না, ভারতের দাসত্ব চায়।’
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টি, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দাবি করে দুদু বলেন, ‘শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। তখন বেগম খালেদা জিয়া আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে।’
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জে ও বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার এখনো তার নেতাকর্মীদের নিবৃত্ত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’
আওয়ামী লীগকে সতর্ক করে দলটির নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, ‘আপনাদের নেত্রী পালিয়েছেন। কিন্তু আপনাদের লোকজন এখনো দেশে আছে। যারা লুটেরা, যারা খুনি, যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তারা হয়তো পালিয়েছেন। কিন্তু আপনাদের নিরীহ কিছু কর্মী তো দেশে আছেন, ব্যবসা করছেন, বাড়িঘরে আছেন। আপনারা ভারতে বসে যা করছেন, তাতে প্রমাণ করেছেন, বাংলাদেশ আপনারা চান না; ভারতের দাসত্ব চান।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দুদু বলেছেন, ফ্যাসিবাদ কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। একইভাবে এইচ এম এরশাদ ও শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে। আগামী দিনেও ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে রক্ষা করতে হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জোটের সমন্বয়কারী ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম।




