সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও একান্ত প্রয়োজনে মালয়েশিয়ার এক দিনের সফর স্থগিত করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম।’
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা ও আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় তিনি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন।
প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন। দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং দেশের জন্য অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান দেওয়া।
মালয়েশিয়া সফর স্থগিতের বিষয়ে তিনি বলেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন। তবে নিকট ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাতের আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ছয় দিনের এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। এরপর মালয়েশিয়ায়ও প্রবাসীদের কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল জামায়াত আমিরের।




