মন্ত্রী জহির উদ্দিন স্বপন এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

জহির উদ্দিন স্বপন । ফাইল ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
সরকার গঠনের ছয় মাস পর গতকাল শুক্রবার মন্ত্রিসভার আকার বাড়ানো হয়। নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হন এবং একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। একই রাতে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।
এর অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে।
গতকাল রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়টি জানানো হয়েছিল। আজকের প্রজ্ঞাপনে তার দায়িত্বের বিষয়টি স্পষ্ট করে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
জহির উদ্দিন স্বপনকে নিয়ে বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ১০ জনে। তাদের মধ্যে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।






