উপনির্বাচন
রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন নেতা।
তারা হলেন— ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো নেওয়া হয়। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
দল ঘোষিত শিডিউল অনুযায়ী, সংগৃহীত মনোনয়নপত্রগুলো আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জমা দেবেন তারা।
মির্জা ফয়সল আমীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে মির্জা ফয়সল আমীন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করলে বিপুল ভোটে জয়ী হবেন তিনি।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
মির্জা ফয়সল আমীন বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনিই আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



