ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা
- আজীবন মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং আজীবন মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। একই সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে শহীদ শরিফ ওসমান হাদিকে।
সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ শেষে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। পরে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা, সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক হিসেবে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে জি এ সাব্বিরকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।
নবগঠিত নেতৃত্ব এক বার্তায় জানায়, ইনকিলাব মঞ্চকে একটি আদর্শভিত্তিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবে। এ লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




