প্রশ্ন যখন শেখ হাসিনা, তখন ১১ দলীয় ঐক্য চায় জুলাইয়ের ঐক্য

ছবি: কোলাজ
হাতবোমায় ছড়াচ্ছে আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে উদ্বেগ। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চোখে, এটা বিএনপি সরকারেরই ব্যর্থতা। এর মধ্যে আবার ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এই পরিস্থিতিতে জুলাইয়ের মতো ঐক্য ধরে রাখাতেই গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলের নেতারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, শেখ হাসিনাকে মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কৌশল, নির্বাচনসহ নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও এই প্রশ্নে এক থাকার কথা বললেন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানও।
সরকার যেমন শেখ হাসিনাকে পাসপোর্ট না দিয়ে দণ্ডিত অপরাধী হিসেবে ফিরিয়ে আনতে চায়, তার সঙ্গে বিরোধী দলেরও মতৈক্য দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে।
আজ সোমবার বর্তমান সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর মোনাজাতেও ঐক্যের বার্তাই দৃশ্যমান। মোনাজাতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘রাব্বুল আল আমিন, আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য, আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দান করুন যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা কেউ যদি করে, তাকে যাতে আমরা প্রতিহত করতে পারি।’ এসময় ‘আমিন’ বলে সাড়া দেন সরকারি-বিরোধী উভয় দলের সংসদ সদস্যরাই।
দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থান এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছিল বিএনপি, জামায়াতসহ অন্য বিরোধী দলগুলোকে। অভ্যুত্থানের পর অনেকের পথ গেছে বেঁকে। নির্বাচনে জিতে বিএনপি সরকারে। তাদের এক সময়ের জোটসঙ্গী জামায়াত প্রধান বিরোধী দলের আসনে। আক্রমণ-পাল্টা আক্রমণে মুখর দল দুটির নেতারা। অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি আছে জামায়াতের সঙ্গে, ১১ দলীয় ঐক্যে।
২০২৪ সালে অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে থাকা শেখ হাসিনা সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে বলেন, তিনি আগামী ডিসেম্বরেই ফিরতে চান দেশে। এ ঘোষণার পর দেশে তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে।
তার মধ্যে আবার গত ৬ নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সড়ক তো বটেই, হাতবোমার লক্ষ্য হয়েছে পল্লবী থানা, সিআইডির সদর দপ্তর, পুরান ঢাকার আদালত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত ও গ্রেপ্তার অভিযান চালানোর কথা জানালেও নাশকতা প্রতিরোধে আগাম কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা বাড়ছে।
১১ দলীয় ঐক্যের নেতাদের মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। বরং ধারাবাহিক নাশকতার মাধ্যমে দেশে আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে পারছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ‘ভয়াবহ’ রূপ নিয়েছে। তিনি আগামীর সময়কে বললেন, একের পর এক রোমহর্ষক ঘটনা ঘটছে। গুম, খুন ও অপহরণের পর এখন যুক্ত হয়েছে আগুন-সন্ত্রাস ও ককটেল নৈরাজ্য। এসব বিষয়ে সরকার কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারের ব্যর্থতার কারণেই দেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
‘ক্রাইসিস ম্যানেজমেন্টে’ সরকারের অদক্ষতা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্যে, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ একের পর এক নৈরাজ্য সৃষ্টি করছে। এসব ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মানুষের কোনো নিরাপত্তা নেই, অথচ সরকারের ঘুম ভাঙছে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করার পাশাপাশি ভিন্ন ইঙ্গিতও করেন। তিনি আগামীর সময়কে বলেন, ‘এসব কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা পারছে না, নাকি নির্বাচনের সময় কোনো সমঝোতার কারণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্নও রয়েছে।’
তার মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় লোকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ দেওয়ার কারণে তাদের একটি অংশের নিষ্ক্রিয়তা দেশের নৈরাজ্যের বড় কারণ। ওই অংশটি ফ্যাসিবাদীদের সহায়তাও করছে।
সাম্প্রতিক নৈরাজ্যের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে এনসিপির নেতা সারোয়ার তুষার আগামীর সময়কে বলেন, পাশাপাশি সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকেই নাশকতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। সরকারি দলের জ্যেষ্ঠ নেতারাও বিষয়টি স্বীকার করেছেন। এর ফলে ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
আইনশৃঙ্খলায় এমন অস্থিরতার মধ্যে আজ রয়টার্স খবর দেয়, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ভারতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। লন্ডনভিত্তিক একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এই আবেদন করা হয়। এটি যাচাইয়ের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পাসপোর্টের আবেদন তারা গ্রাহ্য করছেন না, তারা শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরত আনতে চান।
১১ দলীয় ঐক্যের নেতাদেরও মত, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন কিংবা দেশে ফেরার ঘোষণা কোনোটিই মূল বিষয় নয়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি কিংবা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।
এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, ‘শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সেটি মুখ্য বিষয় নয়। তিনি বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। জনগণের আকাঙ্ক্ষা হলো, তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।’
একই মত জামায়াত নেতা জুবায়েরেরও। তবে তার ধারণা, শেখ হাসিনা আসলে দেশে ফিরবেন না। তার ফেরার কথা বলে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
সম্ভাব্য নৈরাজ্য মোকাবিলায় সবার ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন জুবায়ের, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন, যার পরিণতিতে আসে জুলাই গণঅভ্যুত্থান।
তিনি বলেন, শেখ হাসিনা কিংবা ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে আসতে না পারে, সে বিষয়ে তাদের ঐক্য এখনো অটুট রয়েছে এবং তা থাকা উচিত। এ ক্ষেত্রে জামায়াত শক্তিশালী ভূমিকা পালন করবে। অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
বহুমুখী ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানও একই সুরে আগামীর সময়কে বলেন, জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার প্রশ্নে তারা এক থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র রুখে দেবেন।







