স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি, গুরুত্ব পাচ্ছে রাষ্ট্রপতি মনোনয়ন

গ্রাফিকস: আগামীর সময়
বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে ক্ষমতাসীন দল বিএনপিতে। এর মধ্যে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বৈঠকে সভাপতিত্ব করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দল থেকে রাষ্ট্রপতি মনোনয়নসহ সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে ‘সিদ্ধান্তেও’ আসতে পারে দলটি।
সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে এখন পাঁচজনের নাম আলোচনায় রয়েছে বিএনপিতে। তারা হলেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এ ছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও উঠে এসেছে আলোচনায়।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যস্ত থাকলেও ক্ষমতাসীন দলটির সামনে এখন দুটি ইস্যু রয়েছে। একটি রাষ্ট্রপতির মনোনয়ন, অন্যটি সাংগঠনিক পুনর্গঠন। গত ১১ জুলাই অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সব পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত হয়েছিল। এর অংশ হিসেবে দ্রুত দলের জাতীয় নির্বাহী কমিটির সভা আয়োজনেরও সিদ্ধান্ত হয়।






