শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতেন না- এমন অজুহাত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিলম্ব মওকুফ’র কোনো সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
আজ রবিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ‘এই যে ফিরে আসার বিষয়টা আমরা যেভাবে দেখছি, সেটা হলো যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সব সময় একটা কথাই বলে, সেটা হলো যে আমি এই প্রসিডিংস (মামলার প্রক্রিয়া) সম্পর্কে জানতাম না। যেহেতু আমার অগোচরে হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই। আমি যেহেতু জানতাম না, আমাকে ডিলে কনডোন (বিলম্ব মওকুফ) করে দেন, আমি বিচারের সম্মুখীন হতে চাই।’
দণ্ডিত শেখ হাসিনাসহ এই মামলার আসামিরা ‘এই প্লি-টা (আবেদন) কোনোভাবেই করার সুযোগ পাবেন না’ বলে উল্লেখ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।
তার ভাষ্য, কারণ তারা এই মামলা সম্পর্কে জানেন এবং সেখানে (ভারতে) বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে তারা মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন। অতএব তারা কিন্তু ট্রাইব্যুনালে এসে এই সুযোগটা আর নিতে পারবেন না, যখন আমরা দেখাব যে- না, তারা অলরেডি মামলার কথা জেনে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন।






