এমপি পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
আগামীর সময় প্রতিবেদক

ড. মুহাম্মদ ওসমান ফারুক
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের একটি সূত্র আগামীর সময়কে জানান, গত ১৪ তারিখ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওসমান ফারুক।
পদত্যাগপত্রে ‘শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ’ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।
ওসমান ফারুক ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।



