আ. লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন হবে: মীর শাহে আলম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিরোধী দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শনিবার দুপুরে রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটা করবে।’
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল উল্লেখ করে তিনি বলেন,‘জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল, আজ জাতির সামনে তা আবারও প্রমাণিত হলো।’
গোপালগঞ্জ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানা প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না।’
সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী দাবি করেন, ‘দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাস হচ্ছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। তবে সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে।’
এদিন রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।




