আগামীর চোখ
ডিজিটাল ফাইলের কচ্ছপগতি

প্রিয়
ডিজিটাল নাম উদ্ধারকারী কর্মকর্তা (এনআইডি শাখা)
সবিনয় নিবেদন এই যে, আমার জন্মদাত্রী মায়ের নামের একটি সামান্য বানান সংশোধন করতে আপনাদের ডিজিটাল সার্ভার, লাল ফিতার ফাইল এবং টেবিলের নিচে-ওপরে ঘুরে আমার জীবনের মূল্যবান ৯টি বছর কেটে গেছে। আজ যখন সেই বহুকাঙ্ক্ষিত সংশোধিত কার্ডটি হাতে পেয়েছি, তখন আনন্দের চেয়ে আপনার দপ্তরের প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাই এই চিঠির মাধ্যমে আপনাকে এবং আপনার পুরো টিমকে আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাতে বাধ্য হচ্ছি।
৯ বছর! ভাবা যায়? এই ৯ বছরে পৃথিবীতে কত কী বদলে গেল! আমেরিকার প্রেসিডেন্ট বদলে গেল, অলিম্পিক হয়ে গেল দুটো, দুটো বিশ্বকাপ, মহাকাশে কত স্যাটেলাইট চলে গেল, এমনকি বাংলাদেশে পদ্মা সেতুর পর কত শত শত মেগা প্রজেক্ট শেষ হয়ে গেল। অথচ আপনাদের দপ্তরের মেগা প্রজেক্ট ছিল— আমার মায়ের নামের পেছনের ‘মমতা’ শব্দের বানান ঠিক করা। আপনারা প্রমাণ করে দিলেন, মহাজাগতিক গতির চেয়ে আমলাতান্ত্রিক গতি অনেক বেশি রহস্যময় এবং ধীরস্থির। তাড়াহুড়ো করে ভুল নাম ঠিক করে ফেললে যদি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত, সে ভয়ে আপনারা প্রতিটি বছরকে একেকটি যুগের মতো করে পার করেছেন। আপনাদের এই দূরদর্শিতাকে কুর্নিশ জানাই!
আমার মনে হতো এটি এক ধরনের আধ্যাত্মিক নির্দেশনা— যা নাগরিককে ধৈর্য ও সহনশীলতার চরম শিক্ষা দেয়
আমার এখনো মনে পড়ে, এনআইডি সংশোধনের নতুন নতুন সব ডিজিটাল নিয়মের কথা। ফাইল যখন মাঠপর্যায় থেকে ডিজিপর্যায়ে, আর ডিজিপর্যায় থেকে কচ্ছপগতিতে টেবিল টু টেবিল ঘুরছিল, তখন আমার মনে হতো আমি বুঝি কোনো গুপ্তধন সন্ধানের মিশনে নেমেছি। প্রতিবার যখন কোনো কর্মকর্তা বলতেন, ‘সামনের সপ্তাহে আসেন’, আমার মনে হতো এটি এক ধরনের আধ্যাত্মিক নির্দেশনা— যা নাগরিককে ধৈর্য ও সহনশীলতার চরম শিক্ষা দেয়। এই পরম গুণের দীক্ষা দেওয়ার জন্য আপনাদের বিশেষ রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত। আপনাদের এই ৯ বছরের অক্লান্ত ও মন্থর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য ‘নাগরিক সংবর্ধনা’ দিতে চাই। সেখানে কচ্ছপ মার্কার একটি বিশেষ ট্রফি আপনাদের হাতে তুলে দেওয়া হবে।
আশা করি, আগামীতে আর কোনো সন্তানের মায়ের নাম সংশোধন করতে ৯ বছর লাগবে না; আপনাদের এই অনন্য ডিজিটাল সক্ষমতা বজায় থাকলে তা হয়তো অনায়াসে ১২ থেকে ১৫ বছরে উন্নীত করা সম্ভব হবে!
ইতি
আপনার চিরকৃতজ্ঞ এবং ধৈর্যশীল নাগরিক



