আগামীর চোখ
টিসিবির ট্রাকে কাফনের কাপড়ও চাই

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
চেয়ারম্যান, টিসিবি
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ধসে পড়া দেয়ালের পাশ থেকে লিখছি। টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়ানো মানুষের ওপর েভঙে পড়েছিল দেয়ালটি। তিনজন মানুষ প্রাণ হারালেন; অনেকে আহত হলেন। খরচের বাজারে একটু সস্তায় তেল, ডাল আর চাল কিনতে বাধ্য হয়েই মানুষগুলো লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জানতেন না– এ দেশে মানুষের প্রাণ টিসিবির পণ্যের চেয়েও অধিক সস্তা। মধ্যবিত্ত পরিচয়ের আড়ালে থাকা আমার মতো নিম্ন-মধ্যবিত্ত আর খেটে খাওয়া মানুষের সংগ্রামের শেষ নেই এখানে। খিদের বিরুদ্ধে যেমন আমাদের সংগ্রাম করতে হয়, তেমনি প্রাণ নিয়ে ঘরে ফিরতেও প্রতিমুহূর্তে সংগ্রাম করতে হয়।
টিসিবির ট্রাকের পেছনে আমিও দাঁড়াই নিয়মিত। আমি ভাগ্যবান, দেয়াল ধসে মারা যাওয়াদের ভাগ্য বরণ করতে হয়নি আমাকে। পরিস্থিতি এমনই, কেউ হয়তো আমার মতো টিকে যান, কেউ টেকেন না। কখন, কোথায়, কীসের চাপায় প্রাণ চলে যাবে— কেউই জানি না। আচ্ছা, সুলভ মূল্যে কাফনের কাপড়টা টিসিবির ট্রাকে রাখা যায়? বলা তো যায় না, কাল টিসিবির ট্রাকের পেছনে দৌড়াতে গিয়ে আমিই হয়তো মরে গেলাম! ও হ্যাঁ! আতর, গোলাপজল, আগরবাতিটাও রাখবেন।
আপনি কখনো টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন? যদি দাঁড়াতেন তবে দেখতেন, সকালের মৃদু তাপের সূর্যটি বেলা বাড়তে বাড়তে কেমন তেজ বাড়ায়। আরও দেখবেন, বিশৃঙ্খলায় পূর্ণ লাইনটি থেকে ছিটকে পড়ছেন কোনো বৃদ্ধ মানুষ। ট্রাক খালি হয়ে গেলে বাজারশূন্য ব্যাগটি নিয়ে মাথা নিচু করে ঘরে ফিরছেন কেউ। হঠাৎ ট্রাক ছুটতে আরম্ভ করলে তার পেছনে দৌড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন নারীরা। কাঁদতে দেখা যায় অনেককে, অনেকে ঠায় দাঁড়িয়ে থাকেন। একদৃষ্টে ট্রাকের চলে যাওয়া দেখেন। যেন নীরবে পরাজয় মেনে নিচ্ছেন।
টিসিবির লাইনে কারা দাঁড়ায়, প্রশ্ন জাগছে? দেয়াল ধসে মৃতদের একজনের নাম নাসিমা বেগম। মাত্র ১৩ হাজার টাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। দুপুরের খাবার খেতে বাসায় আসার পর প্রতিবেশীর কাছে টিসিবির ট্রাকের খোঁজ জানতে পারেন নাসিমা। খাবারের বিরতির এক ঘণ্টা সময় যেন নষ্ট না হয়, তাই না খেয়েই ওই লাইনে দাঁড়িয়েছিলেন তিনি।
টিসিবির ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা প্রায় প্রত্যেক মানুষের গল্পই এমন হৃদয়বিদারক। তাই পর্যাপ্ত পণ্য না দিতে পারলেও ট্রাকগুলো যেন নিরাপদ জায়গায় দাঁড়ায়, সেটি আগামীতে নিশ্চিত করবেন বলেই আশা রাখি।
ইতি
টিসিবির লাইনে নিয়মিত দাঁড়ানো একজন






