আগামীর চোখ
বৃহত্তর স্বার্থে দ্রবীভূত হই

গ্রাফিকস: আগামীর সময়
শ্রদ্ধেয়
বড় ভাই
আসসালামু আলাইকুম। আশা করি, ক্ষমতার সাগরে আপনার নৌকা ভালোই ভাসিতেছে। আমাদের নৌকা অবশ্য ডাঙায় বাঁধা। মাঝেমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়া বৈঠা নাড়ানোর অভিনয় করি। কিন্তু ঢেউ ওঠে না। কর্মী নাই, অফিস নাই, তবু দল আছে। নির্বাচন কমিশনের নিবন্ধন আছে। শুধু জনগণ এখনো জোগাড় করা সম্ভব হয় নাই।
ভাই, জনগণ জোগাড় করা যে কত ব্যয়বহুল কাজ, আপনারা বড় দল করিয়া নিশ্চয়ই বোঝেন। পোস্টার ছাপাইতে টাকা লাগে, মিছিল করিতে লোক লাগে, লোক আনিতে খরচ লাগে। তার চেয়ে আপনার দলের সঙ্গে জোট করিলে সব সমস্যার এক দফা সমাধান। আপনাদের লোক মিছিল করিবে, আপনাদের কর্মী স্লোগান দিবে, আর আমরা মঞ্চে বসিয়া বিকল্প রাজনীতির ভবিষ্যৎ ব্যাখ্যা করিব।
আমার দলের আদর্শিক অবস্থান সম্পর্কে আপনারা চিন্তিত হইবেন না। আদর্শ আমাদের আছে, তবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখিয়া তাহা ব্যাখ্যা করিতে আমরা সিদ্ধহস্ত। সকালে গণতন্ত্র, দুপুরে জাতীয় ঐক্য, বিকালে ধর্মীয় মূল্যবোধ, রাতে রাষ্ট্র সংস্কার— সবই আমাদের ঘোষিত কর্মসূচির অংশ। কোনোটির সঙ্গেই কোনোটির বিরোধ নাই, যদি আসন সমঝোতাটা ঠিক থাকে।
ভাই, আমার দলের সভাপতি আমি, সাধারণ সম্পাদক আমার এক ঘনিষ্ঠ বন্ধু, সাংগঠনিক সম্পাদক আমার গাড়িচালক। কেন্দ্রীয় কমিটিতে আরও সাতজন আছেন, যাদের চারজন একই পরিবারের। জেলা কমিটি গঠনের কাজ চলিতেছে। জেলা খুঁজিয়া না পাওয়ায় আপাতত কাজটি স্থগিত। তবে আমাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা জাতীয় পর্যায়ের।
আপনার কাছে আমার বিনীত প্রস্তাব, আগামী নির্বাচনে অন্তত একটি আসন ছাড়িয়া দিবেন। জয়ী হইলে সংসদে আপনাদের সরকারের পক্ষে কথা বলিব। হারিলে বিবৃতি দিয়া বলিব, নির্বাচন প্রত্যাশিত মান অর্জন করে নাই। আর যদি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন, তবে প্রমাণ করিব— জনসমর্থন ছাড়াও দেশসেবা করা সম্ভব, যদি সমর্থনটা ক্ষমতাসীন দলের থাকে।
শুনিয়াছি, আপনারা মিত্রদের মূল্যায়ন করেন অবদানের ভিত্তিতে। আমাদের অবদানও কম নহে। আপনাদের পক্ষে বিবৃতি দিই, বিপদে নীরব থাকি, সুবিধামতো পাশে দাঁড়াই। বিরোধিতা করিবার মতো সাংগঠনিক শক্তি আমাদের নাই— এটাও এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা।
অতএব, বড় ভাই, আমরা বিলীন হই না, কেবল বৃহত্তর স্বার্থে দ্রবীভূত হই। দলের নাম, পতাকা, কার্যালয়— সব থাকিবে; শুধু সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আপনাদের কাছে আমানত রাখিব।
ইতি
আপনার একান্ত অনুগত
ছোট দলের বড় নেতা
(ভাবী প্রতিমন্ত্রী, ইনশাআল্লাহ)



