আগামীর চোখ
মুখ মুছিয়া আঁকি রবিমুখ

গ্রাফিকস: আগামীর সময়
প্রিয়
রবীন্দ্রনাথ ঠাকুর
গুরুদেব, বাংলাদেশে আপনার মুখে আবার কালি পড়েছে। ঢাকায় পড়েছে। খুলনায় পড়েছে। আরও কোথাও পড়লে আশ্চর্য হব না। আপনার মুখটা মনে হয় বাংলার দেয়ালে একটু বেশিই জায়গা দখল করে ফেলেছে।
আপনি তো মারা গেছেন। কিন্তু আপনার মুখের বিরুদ্ধে অভিযান বন্ধ হচ্ছে না। জীবিত থাকলে হয়তো আপনাকে দেশছাড়া করা যেত। এখানে এখন সাহিত্য হয়ে উঠেছে পরিচয় যাচাইয়ের বিষয়, আর সংস্কৃতি দেয়াল মোছার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ। তাই আপনার নাগরিকত্ব উপেক্ষা করে ভাষার অধিবাসী হিসেবে বললাম কথাটা। যেহেতু দেশ ছাড়ার সুযোগ নেই, দেয়াল ছাড়তে বলা হচ্ছে।
একটা গান আছে না, নজরুলের লেখা—
‘আমার হাতে কালি, মুখে কালি / আমার কালিমাখা মুখ দেখে মা / পাড়ার লোকে হাসে খালি।।’
নজরুলের গান আপনার গলায় কেমন শোনায় জানি না। তবে আপনার মুখে কালি মাখানো লোকদের গলায় গানটা ভালো মানায়। তারা কালি মাখায়। তারপর নিজেদের মুখ ধোয়। কারণ তারা সংস্কৃতির পক্ষে। আর আপনার ছবি এঁকে, সেখানে কালি মেখে, ফের সেটি মুছে খবর হওয়াটাই তাদের সংস্কৃতিচর্চা— পরিচয় রাজনীতি।
আপনার ছবি মুছে ফেললে আপনি কি কম থাকেন? আপনার বই কি কমে যায়? গান কি বন্ধ হয়?
আপনার ছবি মুছে ফেললে আপনি কি কম থাকেন? আপনার বই কি কমে যায়? গান কি বন্ধ হয়? নাকি আপনারে মুছতে গিয়ে যারা কালি খরচ করে, তাদের নিজেদের অস্তিত্ব একটু বেশি দৃশ্যমান হয়? খুলনায় আপনার পাশে লালন, নজরুল, সুলতান, মাইকেল, জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি আছে। শুধু আপনার মুখে কালি। আপনারে আবার আঁকা হবে বলেছে সিটি করপোরেশন। যতবার মুছবে, ততবার আঁকবে। এইটা ভালো। আপনার ছবি আঁকার জন্য অন্তত একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। বেকার শিল্পীরা কাজে লাগবেন। কালিদাতারাও কাজে লাগবেন। একটা স্থানীয় অর্থনীতি তৈরি হচ্ছে। আপনার অবদান কম না।
তবে গুরুদেব, আমার মনে হয়, আপনার ছবির পাশে একটা আয়না লাগানো দরকার। যারা কালি দিতে আসবেন, তারা আগে নিজেদের মুখটা দেখে নেবেন। আপনার মুখ মোছার আগে নিজের মুখ দেখা জরুরি। আপনি ভালো থাকবেন। আপনার মুখের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না। বাংলা দেখলে গায়ক কবীর সুমন যেমন বাংলাদেশ পড়েন; তেমনি পুরো বিশ্বে যেখানেই বাংলা, সেখানেই আপনি গীত আর আপনি সেই নিখিল বাংলা ভাষার মানচিত্র।
ইতি
যশোর রোডের দেয়ালঘেঁষা এক নিশিজাগা কবি
খুলনা রেলস্টেশন, ফুটপাত-সংলগ্ন



