‘জীবিত’ হওয়ার আশায় টেবিলে টেবিলে

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
প্রধান নির্বাচন কমিশনার
সবিনয় নিবেদন এই যে, আমি ফরিদপুরের ধুলোবালি মাখা খেটে খাওয়া মানুষ রিকশাচালক বাদশা শেখের একজন শুভাকাঙ্ক্ষী। এ দেশে সাধারণত এক হতদরিদ্র রিকশাচালকের পাশে দাঁড়ানোর মানুষ কম। আমি তার পক্ষে স্বপ্রণোদিত হয়েই ওকালতি করছি। বাদশা শেখ আপনাদের পরম যত্নশীল ও অতিপ্রাকৃত তথ্যভাণ্ডারের (ডেটাবেজ) কল্যাণে এখন মৃত। তিনি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে নিজের নাম খুঁজে না পেয়ে পরে জানতে পারেন, নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারের তথ্য অনুযায়ী তিনি মারা গেছেন। তার পর থেকেই তার কপালে শনির দশা চলমান। তার দুর্দশা নিয়ে পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে। বিবেকের তাড়নায় এই মানুষটির পক্ষে পত্রিকার পাঠক হিসেবে কলম ধরছি।
আপনাদের ডিজিটাল খাতায় তিনি স্রেফ একটি ‘ব্লকড’ বা বাতিল হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (NID)। আপনাদের এই অলৌকিক ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সত্য সামনে আনা প্রয়োজন মনে করছি। কোনো প্রকার রোগবালাই-দুর্ঘটনায় নয়; আপনারা যেভাবে স্রেফ মাউসের এক ক্লিকে তাকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দিয়েছেন, তা এককথায় জাদুকরী ক্ষমতা!
কাগজে-কলমে ‘মরে গিয়ে’ তিনি যে স্বর্গে আছেন তা কিন্তু নয়। জীবিত হওয়ার আশায় ফরিদপুরে তিনি সংশ্লিষ্ট দপ্তরের টেবিলে টেবিলে ঘুরছেন এক যুগ ধরে
মহোদয়, কাগজে-কলমে ‘মরে গিয়ে’ তিনি যে স্বর্গে আছেন, তা কিন্তু নয়। জীবিত হওয়ার আশায় ফরিদপুরে তিনি সংশ্লিষ্ট দপ্তরের টেবিলে টেবিলে ঘুরছেন এক যুগ ধরে। তবু তিনি জীবিত হননি। সম্ভবত তার ব্যাংক অ্যাকাউন্ট হয়নি, মোবাইলের সিমকার্ডও তথৈবচ এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধাও এখন লকড। প্রমাণ দিতে হচ্ছে তিনি জীবিত। মানুষ তাকে দেখে ভূত ভাবছে নাকি জ্যান্ত মানুষ ভাবছে, তা বিধাতাই মালুম। আপনাদের এই অতি-আধুনিক তথ্যভাণ্ডারকে স্যালুট জানাতেই হয়। যে ডেটাবেজ একজন ট্যাক্স দেওয়া জলজ্যান্ত মানুষকে ‘মৃত’ বানিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই ডেটাবেজের পেছনের কারিগরদের নোবেল দেওয়া উচিত কি না, তা ভেবে দেখা দরকার।
একটি বিনীত জিজ্ঞাসা, মৃত্যুর সার্টিফিকেট দিতে যেখানে ডাক্তার বা ইউনিয়ন পরিষদের দরকার হয়, সেখানে আপনাদের ডেটাবেজ কোন দৈববলে বাদশা শেখের মৃত্যুর খবর আগে পেয়ে গেল? আপনাদের সার্ভারটি সরাসরি পরকালের সঙ্গে কোনো গোপন অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত?
অতএব, আপনাদের এই ডিজিটাল ডেথ সার্টিফিকেট প্রত্যাহার করে, তাকে দয়া করে আবার এই ‘নশ্বর’ পৃথিবীতে ফিরে আসার অনুমতি দিন। ব্লকড হয়ে থাকা জাতীয় পরিচয়পত্রটি সচল করে তাকে আপনাদের খাতায় ‘পুনরুজ্জীবিত’ করার ব্যবস্থা করলে এই ‘মৃত’ মানুষটি পুনরায় আপনাদের দীর্ঘায়ু কামনা করবে।
ইতি
বাদশা শেখের এক শুভাকাঙ্ক্ষী




