সম্পাদকীয়
সময়ের এক ফোঁড়

গ্রাফিকস: আগামীর সময়
একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা শুধু একটি পরিবারের প্রত্যাশা নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজকের শিশু আগামী দিনের নাগরিকই শুধু নয়, জাতির সম্ভাবনার প্রতীকও। সামান্য অসচেতনতা, সময়মতো রোগ শনাক্ত করতে না পারা, চিকিৎসায় অবহেলা, অপুষ্টি কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। এমনকি যেসব রোগ ও শারীরিক জটিলতা যথাসময়ে শনাক্ত করা গেলে প্রতিরোধ বা চিকিৎসা সম্ভব, সেগুলোও কখনো কখনো প্রাণঘাতী হয়ে ওঠে।
শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তাই সচেতনতার কোনো বিকল্প নেই। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগের ঝুঁকি সম্পর্কে আগে থেকে জানা, লক্ষণ বুঝতে শেখা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই অধিক কার্যকর। এ উপলব্ধি থেকেই আগামীর সময় ও গ্রীন লাইফ মেডিকেল কলেজের উদ্যোগে গত বুধবার অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে রোগাক্রান্ত ও অসুস্থ শিশুর সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত হলে শিশুর প্রাণ বেঁচে যেতে পারে— এমন তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট আলোচকদের বক্তব্যে। অালোচকদের অভিমত তাৎপর্যবাহী ও বিশেষ গুরুত্বের দাবি রাখে।
গোলটেবিল বৈঠকের গুরুত্ব শুধু আলোচনার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল তাৎপর্য হলো, শিশুর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি কমাতে পরিবার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাষ্ট্র এবং সমাজকে একই দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা। সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, টিকাদান এবং অভিভাবকদের সচেতনতা— এসব বিষয় সামনে রেখে শিশুর জন্য একটি নিরাপদ স্বাস্থ্যপরিবেশ গড়ে তোলার প্রত্যয়ই আলোচনায় উচ্চারিত হয়েছে।
শিশুরা নিজের অসুস্থতার কথা সবসময় স্পষ্ট করে বলতে পারে না। কখনো কান্না, কখনো খাবারে অনীহা, কখনো অস্বাভাবিক নিস্তেজতা কিংবা আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে তারা অসুস্থতার সংকেত দেয়। কিন্তু অনেক অভিভাবক এসব লক্ষণকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করেন। কেউ অপেক্ষা করেন রোগের লক্ষণ আরও স্পষ্ট হওয়ার জন্য। কেউ আবার পরিচিতজনের পরামর্শে ওষুধ খাওয়ান। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক কিংবা অন্যান্য ওষুধ ব্যবহার করেন। এ উদ্বেগজনক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
শিশুর জ্বর, শ্বাসকষ্ট, খিঁচুনি, পানিশূন্যতা, খাবার গ্রহণে অক্ষমতা কিংবা অস্বাভাবিক নিস্তেজতার মতো বিপদসংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সামান্য অসুস্থতাকেও অবহেলা করা উচিত নয়। মনে রাখতে হবে, রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা গেলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।
শিশুর রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলার অন্যতম প্রধান উপায় হলো যথাসময়ে সব প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা। হাম, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষ্মাসহ বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের দেশে অনেক পরিবার শিশুর অসুস্থতার পর চিকিৎসা নিতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে। বিশেষ করে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। তাদের জন্য সরকারি সুযোগ-সুবিধা অবারিত থাকতে হবে।
শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে বিচ্ছিন্ন কর্মসূচি যথেষ্ট নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। শিশুমৃত্যু, অপুষ্টি, সংক্রামক রোগ এবং চিকিৎসাবঞ্চিত শিশুদের বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। সেই তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠী চিহ্নিত করে বিশেষ কর্মসূচি গ্রহণ করা জরুরি।



