আগামীর চোখ
‘ছি ছি এত্তা জঞ্জাল’

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ
মহোদয়, কাকের ডাক শুনলে আপনাদের অনেকেরই বিরক্তি লাগে জানি। আমাদের কর্কশ কণ্ঠ, আর যত্রতত্র বসার অভ্যাস— সব মিলিয়ে নাগরিক সৌন্দর্যের সঙ্গে আমাদের খুব একটা যায় না। কিন্তু একটা কথা স্বীকার করবেন, আপনাদের এই শহর যখন নিজের ময়লায় নিজেই ডুবে যাওয়ার উপক্রম হতো, তখন আমরা কিন্তু বেশ দায়িত্ব নিয়েই কাজ করতাম। কোনো নিয়োগপত্র ছিল না, বেতন-ভাতা ছিল না, এমনকি উৎসব বোনাসও চাইনি। শহরের প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন
কিন্তু আজকাল শুনছি, আপনারা ডাস্টবিন রক্ষায় তালা-শিকল লাগিয়েছেন। বাহ! কী চমৎকার বুদ্ধি! ডাস্টবিনের ঢাকনা চুরি হয়, তাই ঢাকনায় তালা। ডাস্টবিন চুরি হয়, তাই ডাস্টবিনে শিকল। এবার নিশ্চয়ই ময়লা চুরি ঠেকাতে ময়লার ওপরও পাহারা বসাবেন!
একটা কথা জানতে চাই, ডাস্টবিন কি ময়লা রাখার জন্য, নাকি তালা-চাবি প্রদর্শনীর জন্য? মানুষকে ময়লা ফেলতে হলে আগে ঢাকনা খুলতে হবে, তারপর ময়লা ফেলতে হবে, তারপর ঢাকনা বন্ধ করতে হবে। এতগুলো প্রশাসনিক ধাপ পেরোনোর চেয়ে রাস্তায় ফেলে দেওয়াই যে সহজ, সেটা কি আপনাদের মাথায় আসেনি? নাগরিক সেবায় এত আমলাতান্ত্রিকতা কখনো দেখিনি।
এবার নিশ্চয়ই ময়লা চুরি ঠেকাতে ময়লার ওপরও পাহারা বসাবেন
আমাদেরও একটা অভিজ্ঞতা আছে। আমরা ময়লা খুঁটে খাই, উচ্ছিষ্ট সরাই, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় প্রাকৃতিকভাবে কিছুটা হলেও ভূমিকা রাখি। কিন্তু আপনারা একদিকে আমাদের বসবাসের জায়গা কমিয়েছেন, অন্যদিকে খাবারের উৎসগুলোও তালাবদ্ধ করে দিয়েছেন। এখন না পারি গাছের ডালে বসতে, না পারি ডাস্টবিনে ঠোঁট দিতে। শহরে আমাদের অস্তিত্বই যখন অনাকাঙ্ক্ষিত, তখন ময়লা পরিষ্কারের দায়িত্বও নিশ্চয়ই আপনাদের একার।
শুনলাম, পাঁচ শতাধিক ডাস্টবিনে তালা-শিকল লাগাতে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা দিয়ে আরও কিছু ডাস্টবিন কেনা যেত। সেগুলো এমনভাবে বসানো যেত, যাতে মানুষ সহজেই ময়লা ফেলতে পারে। কিন্তু তাতে তো আর তালা কেনার বিল হতো না, শিকল কেনার হিসাব হতো না। আপনাদের এই তালা-শিকলের বাধায় ময়লা ছড়িয়ে-ছিটিয়ে জঞ্জালের ভাগাড় হয়ে উঠছে শহর।
শহরে ময়লা বাড়ছে আর ডাস্টবিন নিরাপদে আছে। আপনাদের কাছে বিনীত আবেদন, ডাস্টবিনকে বন্দিশালা বানাবেন না। মানুষের জন্য ময়লা ফেলার ব্যবস্থা করুন, আমাদের জন্যও একটু ঠাঁই রাখুন। নইলে আমরা দূরের কোনো গাছের ডালে বসে আপনাদের পরিচ্ছন্ন নগরীর স্বপ্নের শ্রাদ্ধ দেখব।
ইতি
এক উচ্ছেদ হওয়া কাক
সাবেক প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী



