মানববাহনে অমানবিক হয়ে উঠছি আমরা

সংগৃহীত ছবি
একটি সভ্য সমাজের পরিচয় শুধু তার অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা কিংবা আধুনিক প্রযুক্তিতে নয়; বরং সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার আচরণেও প্রকাশ পায়। বিশেষ করে গণপরিবহনে প্রবীণ, নারী ও শিশুদের প্রতি মানুষের আচরণ আমাদের সামাজিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি।
বাস, ট্রেন কিংবা মেট্রোরেল— সব ধরনের গণপরিবহনে প্রবীণ, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য বিশেষ সুবিধা থাকা প্রয়োজন। আসন সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বাস্তবে অনেক সময় তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। সংরক্ষিত আসনে অন্যরা বসে থাকেন, অথচ একজন প্রবীণ বা শারীরিকভাবে অসুস্থ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। কখনো কেউ আসন ছেড়ে দেন, আবার অনেক সময় সবাই নিজের মতো ব্যস্ত থাকেন। সংরক্ষিত আসন রেখেও কতটা লাভ হয়? বাসে মহিলা সিটে দিব্যি পুরুষদের বসে যেতে দেখা যায়। কিছু বললে তারা রেগে ওঠেন।
প্রবীণ মানুষের শারীরিক সক্ষমতা বয়সের সঙ্গে কমে আসে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ভিড়ের মধ্যে চলাচল কিংবা দ্রুত ওঠানামা করা তাদের জন্য কষ্টকর, এমনকি ঝুঁকিপূর্ণও হতে পারে। একইভাবে নারীদের, বিশেষ করে অন্তঃসত্ত্বা এবং ছোট শিশু নিয়ে যাতায়াত করা মায়েদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তবে শুধু আসন সংরক্ষণ করলেই দায়িত্ব শেষ হয় না। গণপরিবহনে পর্যাপ্ত জায়গা, সহজে ওঠানামার ব্যবস্থা, নিরাপদ চলাচল, পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চালক, সহকারী, কর্মী ও যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
এক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ যাত্রীদেরও দায়িত্ব রয়েছে।
লেখক: সচেতন নাগরিক, বনানী, ঢাকা



