Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে …

সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৯
শেয়ার করুন:
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে …

সড়ক দুর্ঘটনায় এমন কান্না বাংলাদেশে নিত্যদিনের। এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

“Yes, and how many deaths will it take till he knows 

That too many people have died?”

বব ডিলানের গানের এই দুটি পঙ্‌ক্তির আক্ষরিক অর্থ–কত মানুষের মৃত্যু হলে মানুষ বুঝবে, ইতোমধ্যে অনেক বেশি মানুষ মারা গেছে? ১৯৬২ সালে লেখা ‘Blowin’ in the Wind’ গানে ডিলান যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তার পেছনে ছিল যুদ্ধ, বর্ণবৈষম্য, নিপীড়ন আর মানুষের প্রতি মানুষের নির্মম উদাসীনতার এক অস্থির সময়। ষাটের দশকের সেই পৃথিবীতে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছিলেন, এত মৃত্যু দেখার পরও মানুষের বোধোদয় হতে আর কত মৃত্যু প্রয়োজন?

কবীর সুমন সেই প্রশ্নকেই বাংলায় নিজের মতো করে লিখেছেন– ‘কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে।’

ভাষা বদলেছে, বদলেছে ভূগোল, সময়ের ব্যবধান পেরিয়েছে ছয় দশকেরও বেশি। কিন্তু বদলায়নি প্রশ্নটি। বরং আমাদের চারপাশে প্রশ্নটি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সময়ের প্রবাহে।

দেশে এখন বানের জলের মতোই মানুষ ভেসে যাচ্ছে সড়কে। প্রতিদিন কোনো না কোনো জনপদে থেমে যাচ্ছে কারও ঘরে ফেরার অপেক্ষা। কোনো মা সন্তানের জন্য দরজায় তাকিয়ে থাকেন, কোনো শিশু বাবার ফেরার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, কোনো স্ত্রী অপেক্ষার ঘরে বসে জানতে পারেন– যার জন্য অপেক্ষা, তিনি আর ফিরবেন না।

পরদিন সংবাদপত্রে একটি ছোট খবর হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি শোকবার্তা আসে, তারপর নতুন কোনো দুর্ঘটনার খবর সরিয়ে দেয় পুরোনো শোককে। জীবন আবার নিজের নিয়মে চলতে থাকে। শুধু যে ঘরটিতে একজন মানুষ আর ফেরেন না, সেখানে থেমে থাকে সময়।

আজ ১৫ নভেম্বর, নভেম্বর মাসের তৃতীয় রবিবার। সড়ক দুর্ঘটনায় নিহত, আহত এবং তাঁদের পরিবারের সদস্যদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস। দিনটি আমাদের কাছে কেবল আনুষ্ঠানিক শোক প্রকাশের দিন নয়; বরং নিজেদের দিকে ফিরে তাকানোর দিন। আমি ভাবতে চাই, এত মৃত্যু, এত কান্না, এত আয়োজন, এত আইন, এত প্রকল্প, এত কাড়ি কাড়ি টাকা ঢালার পরও কেন আমাদের সড়ক নিরাপদ হচ্ছে না? কত মানুষের মৃত্যু হলে আমরা সত্যিই বুঝব, অনেক বেশি মানুষ মারা গেছে?

আমি যখন সড়ক দুর্ঘটনার খবর পড়ি, তখন সংখ্যার আড়ালে মানুষটিকে খুঁজতে চেষ্টা করি। ৭ হাজার ৩৫৯, ৯ হাজার ১১১ কিংবা ৪ হাজার ৬৪৭—সংখ্যাগুলো সংবাদে ব্যবহৃত হয়, প্রতিবেদনে স্থান পায়, আলোচনায় উদ্ধৃত হয়। এমন সংখ্যা গত এক দশকে আমি নিজেও লিখেছি বহুবার। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে একটি নাম আছে, একটি মুখ আছে, আছে একটি সংসার। আছে এমন কিছু মানুষ, যাঁদের জীবনের হিসাব ওই একজন মানুষের সঙ্গে ছিল বাঁধা।

প্রতীকী ছবি

একজন মানুষ সকালে কাজে বেরিয়েছিলেন। হয়তো যাওয়ার সময় বলে গিয়েছিলেন, ফেরার পথে বাজার করে আনবেন। সন্তানের স্কুলের বেতন দেবেন। বৃদ্ধ বাবার ওষুধ কিনবেন। স্ত্রীকে বলেছিলেন, রাতে একটু দেরি হতে পারে। তারপর একটি বাস, একটি ট্রাক কিংবা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁর সব পরিকল্পনার ওপর এক মুহূর্তে দাড়ি টেনে দিল।

মানুষটি মারা গেলেন একদিনে। কিন্তু তাঁর পরিবারটি মরতে শুরু করল প্রতিদিন।

যে শিশুটি বাবার কাঁধে চড়ে স্কুলে যেত, তাকে এখন অন্যের হাত ধরে স্কুলে যেতে হয়। যে স্ত্রী সংসারের খরচের চিন্তা একা কখনো করেননি, তাঁকে এখন আয়-ব্যয়ের খাতায় প্রতিটি পয়সার হিসাব মেলাতে হয়। যে বৃদ্ধ মা ছেলের উপার্জনে ওষুধ কিনতেন, তাঁকে হয়তো ওষুধের দাম আর নিজের চিকিৎসার মধ্যে একটি বেছে নিতে হয়। একটি মৃত্যু এভাবেই একটি পরিবারের আশ্রয়, নিরাপত্তা, স্বপ্ন এবং ভবিষ্যৎ কেড়ে নেয়।

কখনো কখনো মৃত্যুর চেয়েও দীর্ঘ হয় বেঁচে থাকার যন্ত্রণা। দুর্ঘটনায় আহত হয়ে কেউ হয়তো আর হাঁটতে পারেন না। কারও হাত কাজ করে না, কারও পা। কারও মেরুদণ্ডের আঘাত তাঁকে শয্যাশায়ী করে রাখে। হাসপাতালের বিছানা থেকে বাড়ির বিছানায় ফিরে তিনি বুঝতে পারেন, তাঁর পৃথিবীটি আর আগের মতো নেই। যিনি একসময় পরিবারের সবার দায়িত্ব নিয়েছেন, আজ তাঁর প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়।

আমি সেই মানুষটির মনের ভেতর ঢুকে দেখতে চাই, যিনি জানেন তাঁর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, সন্তানদের পড়াশোনা থেমে যাচ্ছে, স্ত্রী নিজের স্বপ্নগুলো গুটিয়ে নিচ্ছেন। তিনি হয়তো কাউকে বলেন না, কিন্তু গভীর রাতে তাঁর মনে প্রশ্ন জাগে, যে জীবন বয়ে বেড়াতে হচ্ছে, তার চেয়ে দুর্ঘটনার দিনই যদি সব শেষ হয়ে যেত! এই অসহায়ত্বের ভাষা আমাদের পরিসংখ্যানে নেই। আহতের সংখ্যা দিয়ে এই যন্ত্রণার গভীরতা বোঝা যায় না।

সড়ক দুর্ঘটনায় শুধু মানুষ মরে না, মানুষের স্বাভাবিক জীবনও মরে যায়। কেউ প্রাণ হারান, কেউ জীবনের বাকি সময়টুকু বয়ে বেড়ান এক অসমাপ্ত দুর্ঘটনার ভার।

দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে একাধিক সংস্থার হিসাবে পার্থক্য রয়েছে। এই পার্থক্যও আমাদের জন্য উদ্বেগের। কারণ, যে দেশে মৃত্যুর সঠিক হিসাবই এক জায়গায় পাওয়া যায় না, সেখানে মৃত্যুর কারণগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, একই বছরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৯ হাজার ১১১। হিসাবের এই ব্যবধানের চেয়েও বড় সত্য হলো, দুই সংস্থার হিসাবেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের ১২ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫ হাজার ২৫২ জনের। সংস্থাটির বিশ্লেষণে উঠে এসেছে, এই সময়ে প্রায় ৩০০ পরিবার দুর্ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে।

আমি যখন এই হিসাব দেখি, তখন ৩০০ সংখ্যাটির পাশে কোনো পরিসংখ্যান বসাতে পারি না। একটি পরিবারের সব মানুষ একসঙ্গে হারিয়ে গেলে তাঁদের জন্য শোক প্রকাশ করার মানুষটিও হয়তো আর অবশিষ্ট থাকেন না। তাঁদের বাড়িতে আর কেউ ফেরার অপেক্ষা করে না। তাঁদের নাম ধরে আর কেউ কাঁদে না। অথচ তাঁদের অনুপস্থিতি এই সমাজেরই এক ভয়াবহ ক্ষত।

আমরা কি কখনো ভেবে দেখেছি, প্রতিদিন সড়কে যারা মারা যাচ্ছেন, তাঁদের প্রত্যেকের জন্য কতগুলো জীবন নতুন করে বিপর্যস্ত হচ্ছে? কত শিশুর শৈশব থেকে বাবার হাতটি হারিয়ে যাচ্ছে? কত বৃদ্ধ মা-বাবার শেষ বয়সের ভরসা হারিয়ে যাচ্ছে? কত সংসারে হঠাৎ করে অভাব, অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাস স্থায়ী ঠিকানা গড়ে তুলছে?

আমার মনে হয়, সড়কে মৃত্যুর সংখ্যা না কমার পেছনে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও বড় ভূমিকা রয়েছে। আমরা সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে যতটা না গুরুত্ব দিই, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই অন্য ধরনের মৃত্যুকে। একজন মানুষ গুলিতে নিহত হলে সমাজে যে প্রতিক্রিয়া তৈরি হয়, যে প্রতিবাদ-ক্ষোভ দেখা যায়, যে বিচার ও জবাবদিহির দাবি ওঠে, সড়কে বাসের ধাক্কায় কিংবা মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু হলে তার ছিটেফোঁটাও দেখা যায় না।

অথচ মৃত্যু তো মৃত্যুই। গুলিতে প্রাণ হারানো মানুষটির যেমন একটি পরিবার ছিল, সড়কে প্রাণ হারানো মানুষটিরও তেমনি একটি পরিবার আছে; একজনের মৃত্যুর পর যেমন স্বজনেরা শূন্যতায় ডুবে যান, অন্যজনের মৃত্যুতেও তেমনি একটি সংসারের আলো নিভে যায়। তবু আমরা এক মৃত্যুকে ঘিরে সোচ্চার হই, অন্য মৃত্যুকে প্রায় নিয়তি বলে মেনে নিই।

সড়কে মৃত্যুর খবর আমাদের কাছে এতটাই পরিচিত হয়ে গেছে যে, তাতে আর তেমন বিস্ময় জাগে না, ক্ষোভ তৈরি হয় না, জবাবদিহির দাবি ওঠে না। আমার মনে হয়, এই গুরুত্বহীনতাই সড়কে মৃত্যুকে আরও দীর্ঘায়িত করছে। যে মৃত্যুর জন্য সমাজ তীব্র প্রতিবাদ করে না, রাষ্ট্রকে জবাব দিতে বাধ্য করে না, সেই মৃত্যু ঠেকানোর তাগিদও একসময় হারিয়ে যায়। আমরা যেন ভুলে যাচ্ছি, সড়কে যিনি মারা গেলেন, তিনি কোনো পরিসংখ্যান নন; তিনি কারও বাবা, কারও সন্তান, কারও স্বামী, কারও জীবনের একমাত্র অবলম্বন। তাঁর মৃত্যুও সমান শোকের, সমান ক্ষোভের এবং সমান বিচার পাওয়ার দাবি রাখে। মৃত্যুর ধরন ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের জীবনের মূল্য তো ভিন্ন হতে পারে না।

লেখক: সাংবাদিক

সড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যুসড়ক নিরাপত্তারোড সেফটি ফাউন্ডেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা