ইসলামে বাস্তুচ্যুতি নিষিদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়
বর্তমান বিশ্বের দিকে তাকালে বাস্তুচ্যুত মানুষের অসংখ্য করুণ চিত্র চোখে পড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা নিজেদের বসতভিটা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদের নির্দেশের কারণে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের সন্ধানে ছুটছে। খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে নারী, শিশু ও বৃদ্ধদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। সুদান, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চল থেকেও বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তবে বাস্তুচ্যুতি শুধু এ যুগেই শুরু হয়নি। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে ক্ষমতাশালী শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক, সামরিক কিংবা অর্থনৈতিক স্বার্থে মানুষকে আবাসভূমি থেকে বিতাড়িত করেছে। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের ওপর সংঘটিত মহাবিপর্যয়ের মধ্য দিয়ে বিপুলসংখ্যক মানুষ নিজ ভূমি হারায়। ১৯৪৭ সালের ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময়ও ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের পরিণতিতে লাখ লাখ মানুষ বসতভিটা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়। বসনিয়া যুদ্ধেও জাতিগত নিধন ও জোরপূর্বক উচ্ছেদের ভয়াবহ নজির সৃষ্টি হয়েছে। অর্থাৎ যুগ বদলেছে, সভ্যতার অগ্রগতি হয়েছে; কিন্তু মানুষের ঘরবাড়ি কেড়ে নেওয়ার নির্মম প্রবণতা বন্ধ হয়নি।
জোরপূর্বক বাস্তুচ্যুতির পেছনে নানা ধরনের স্বার্থ কাজ করে। কোথাও ভূখণ্ড দখল ও সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা, কোথাও জাতিগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, কোথাও প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সুবিধা অর্জনের লোভ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রশাসন, সামরিক বাহিনী কিংবা ক্ষমতাসীন গোষ্ঠীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায়ও এই নিমর্মতাগুলো ঘটে। রাষ্ট্রের যেখানে নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব পালন করার কথা, সেখানে রাষ্ট্রীয় ক্ষমতাই যখন মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন মানবতার সংকট ভয়াবহ রূপ ধারণ করে।
বাস্তুচ্যুতির ক্ষতি শুধু বসতভিটা হারানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে। শিশুরা হারায় শিক্ষার পরিবেশ, নারীরা নানা ধরনের সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ে, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে যায়, জীবিকা ও উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেদনাদায়ক হলো, বাস্তুচ্যুতির এই ক্ষত পরবর্তী প্রজন্মকেও বহন করতে হয়। মা-বাবার হারানো জন্মভূমি অনেক সন্তানের কাছে শুধু গল্প ও স্মৃতির বিষয় হয়ে থাকে।
আল্লাহতায়ালা মুহাজিরদের প্রশংসা করেছেন, যাদের নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল। (সুরা হাশর, আয়াত ৮)
মানুষের নিরাপদে বসবাসের অধিকার আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৩ অনুচ্ছেদে প্রত্যেক মানুষের নিজ দেশের অভ্যন্তরে চলাচল ও বসবাসের স্থান নির্বাচনের স্বাধীনতার কথা বলা হয়েছে। ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশনের ৪৯ অনুচ্ছেদে অধিকৃত ভূখণ্ডের সুরক্ষিত জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর ও নির্বাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের এতসব ঘোষণা সত্ত্বেও শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থের কাছে অনেক সময় ন্যায়বিচার অসহায় হয়ে পড়ে।
অথচ মানবতার ধর্ম ইসলাম মানুষের জীবন, সম্পদ, সম্মান ও নিরাপত্তার অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। অন্যায়ভাবে কাউকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা, সম্পদ কেড়ে নেওয়া কিংবা নিরপরাধ মানুষের ওপর জুলুম করা ইসলামের ন্যায়বিচারের নীতির পরিপন্থী। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যাদের অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধু এ কারণে যে তারা বলে, আমাদের রব আল্লাহ।’ (সুরা হজ, আয়াত ৪০)
এ আয়াত অন্যায়ভাবে আবাসভূমি থেকে বিতাড়িত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে। একইভাবে আল্লাহতায়ালা মুহাজিরদের প্রশংসা করেছেন, যাদের নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল। (সুরা হাশর, আয়াত ৮)। মদিনায় হিজরতকারী সাহাবিদের প্রতি আনসারদের সহযোগিতা ও ভ্রাতৃত্বের দৃষ্টান্তের মাধ্যমে ইসলাম বাস্তুচ্যুত মানুষের আশ্রয় ও পুনর্বাসনের অনন্য মানবিক আদর্শ প্রতিষ্ঠা করেছিল, যা আজকের বাস্তুচ্যুতদের পাশে দাঁড়ানোর শিক্ষাও আমাদের সামনে তুলে ধরে।
রাসুলুল্লাহ (সা.) মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতা ঘোষণা করে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান পরস্পরের জন্য পবিত্র ও অলঙ্ঘনীয়।’ (বুখারি, হাদিস: ৬৭)। এ শিক্ষার আলোকে কোনো মানুষের সম্পদ ও আবাসভূমি অন্যায়ভাবে কেড়ে নেওয়ার সুযোগ নেই। ইসলাম শুধু জুলুম থেকে বিরত থাকার নির্দেশ দেয়নি; বরং মজলুমের পাশে দাঁড়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া এবং বিপন্ন মানুষের অধিকার প্রতিষ্ঠারও শিক্ষা দিয়েছে।
বাস্তুচ্যুতির সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব শুধু সাময়িক ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করা, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা, ক্ষতিগ্রস্ত মানুষের সম্পত্তির অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের ব্যবস্থা করাও জরুরি। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের শিক্ষা, চিকিৎসা ও জীবিকার নিশ্চয়তাও দিতে হবে।
মানুষের জন্মভূমি তার কাছে শুধু একখণ্ড ভূখণ্ড নয়, এটি তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। কোনো রাষ্ট্রের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিংবা কোনো জনগোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিরপরাধ মানুষের এই অধিকার কেড়ে নেওয়ার বৈধতা দিতে পারে না। যে সভ্যতা মানুষের নিরাপদ আবাস নিশ্চিত করতে পারে না, তার অগ্রগতিও প্রশ্নবিদ্ধ। তাই বাস্তুচ্যুত মানুষের কান্না শুধু তাদের নিজেদের সংকট নয়, এটি সমগ্র মানবতার বিবেকের প্রতি এক কঠিন প্রশ্ন। পৃথিবীর কোনো মানুষ যেন নিজের জন্মভূমিতেই পরবাসী হয়ে না থাকে— এটিই হোক সবার অন্যতম অঙ্গীকার।
লেখক: আলেম ও সাংবাদিক



