অগ্রাধিকার হোক মানবিকতার

সংগৃহীত ছবি
প্রবীণ ব্যক্তিদের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ভিড়ের মধ্যে ওঠানামা করা কিংবা ধাক্কাধাক্কি সামলানো কঠিন। অনেক নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াতের সময় অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অশালীন মন্তব্য ও হয়রানির শিকার হন। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। অতিরিক্ত ভিড়, অসতর্কতা, দরজায় ওঠানামার চাপ কিংবা অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া— সবই তাদের নিরাপত্তার জন্য হুমকি।
এ বিষয়ে আইনগত বিধানও রয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ ধারায় গণপরিবহনে নারী, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য আসন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩২ ধারায় গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে। কিন্তু শুধু আইন বা সংরক্ষিত আসন থাকলেই হবে না; তার যথাযথ বাস্তবায়ন ও তদারকিও প্রয়োজন।
গণপরিবহনে আসন ছেড়ে দেওয়া কোনো অনুগ্রহ নয়, এটি সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। বিশেষ করে অসুস্থ, অন্তঃসত্ত্বা, কোলে শিশু থাকা মা এবং চলাচলে অসুবিধা হয় এমন যাত্রীদের প্রতি সহযাত্রীদের সংবেদনশীল হওয়া জরুরি। চালক ও সহকারীদেরও যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। নারী ও শিশুর নিরাপত্তায় অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা, কার্যকর নজরদারি এবং হয়রানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
গণপরিবহন সবার জন্য। তাই সেখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত যাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সবচেয়ে বেশি প্রয়োজন।
লেখক: গণমাধ্যমকর্মী সাবগ্রাম, বগুড়া সদর



