মেট্রোরেলের সেই প্রবীণ ও গণপরিবহনের নির্মম বাস্তবতা

দেশে গণপরিবহনে প্রবীণদের যাত্রা এক চরম অগ্নিপরীক্ষা। বাসের ভিড় ঠেলে ওঠা, হুট করে গাড়ি ছেড়ে দেওয়া কিংবা মেট্রোরেলে তিল ধারণের ঠাঁই না থাকা অবস্থায় একজন বয়োবৃদ্ধ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। সংরক্ষিত আসন থাকলেও বাস্তবে তা শুধু নামেই সীমাবদ্ধ থাকে। সামাজিক শিষ্টাচার ও বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটি যেন প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। একটুখানি মানবিকতার অভাবে যখন একজন প্রবীণকে অবহেলা ও চরম ভোগান্তির শিকার হতে হয়, তখন তা এক সভ্য সমাজের জন্য চরম লজ্জার বিষয়।
অন্যদিকে, নারী ও শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকার পরও প্রতিদিন তাদের চরম ভোগান্তি ও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। বাস বা ট্রেনে ওঠার সময় ধাক্কাধাক্কি, পুরুষের ভিড়ে অস্বস্তিকর পরিবেশ এবং নানারকম মানসিক হয়রানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেক সময় শিশুদের নিয়ে চলাফেরা করা মায়েরা একধরনের যুদ্ধ জয় করে গন্তব্যে পৌঁছান। পর্যাপ্ত আসন বা শিশুস্বাচ্ছন্দ্য পরিবেশের অভাবের কারণে শিশুদের যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। কোনো কোনো গণপরিবহনে নারীদের সুরক্ষা ও মর্যাদার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত থেকে যায়, যা একটি প্রগতিশীল সমাজের জন্য বড় অন্তরায়।
গণপরিবহনে প্রবীণ, নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসনের কার্যকারিতা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। চালক ও সহকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যেও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে
গণপরিবহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি দেশের সামগ্রিক সংস্কৃতিরও আয়না। একজন প্রবীণ, একজন নারী কিংবা একটি শিশু যখন ঘরের বাইরে পা রাখেন, তখন তাদের নিরাপত্তা ও স্বস্তির দায়িত্ব পুরো সমাজের। উন্নত বিশ্বে গণপরিবহনে দুর্বল ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অগ্রাধিকার নিশ্চিত করা হয় আইন ও সংস্কৃতির মেলবন্ধনে। কিন্তু আমাদের দেশে অবকাঠামোগত ত্রুটি এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে এই সহজ সমীকরণটি বারবার হোঁচট খাচ্ছে। শুধু আইন প্রণয়ন করে বা নির্দেশিকা জারি করে এই সমস্যার সমাধান সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের মনস্তাত্ত্বিক রূপান্তর।
এই সংকট থেকে উত্তরণে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। গণপরিবহনে প্রবীণ, নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসনের কার্যকারিতা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। চালক ও সহকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যেও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। মেট্রো স্টেশন কিংবা বাস টার্মিনালগুলোয় প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তার জন্য আধুনিক ও কার্যকর ব্যবস্থা রাখা প্রয়োজন। পাশাপাশি, গণমাধ্যম ও সামাজিক সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে আমাদের ভেতরের উদাসীনতা দূর করতে হবে।
একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সার্থক হয়, যখন তার সবচেয়ে দুর্বল নাগরিকটিও সমান মর্যাদা ও নিরাপত্তার অধিকার পায়। মেট্রোরেলের ওই বয়োবৃদ্ধের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গণপরিবহনে মানবিকতার পারদ ঠিক কোন পর্যায়ে নেমে এসেছে। আসুন, এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে একটি সংবেদনশীল, নিরাপদ এবং প্রবীণ-নারী-শিশু বান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে সবাই একসঙ্গে এগিয়ে আসি। কারণ, মানবিক সমাজ বিনির্মাণের শুরুটা আমাদের প্রতিদিনের ছোট্ট আচরণ থেকেই হওয়া উচিত।
লেখক: শিক্ষার্থী, চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান বিভাগ
রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ
লক্ষ্মীপুর



