ভীতিকর অভিজ্ঞতার নামান্তর

সমাজকে যারা তিল তিল করে গড়ে তুলেছেন, সেই বয়োজ্যেষ্ঠ নাগরিকরা গণপরিবহনে সবচেয়ে বেশি অবহেলার শিকার হন। বাসে ওঠার সময় হেলপারদের তাড়া খাওয়া, চলন্ত বাসে ওঠার ঝুঁকি নেওয়া কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বাসে প্রবীণদের জন্য নির্দিষ্ট আসন বা সংরক্ষিত সিট থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা যুবকরা দখল করে বসে থাকেন। গণপরিবহনে নারী যাত্রীদের যাতায়াত এক চরম সংগ্রামের বিষয়। বাসে নারী ও শিশুদের জন্য সিট সংরক্ষিত থাকার কথা থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। অফিসগামী নারী, ছাত্রী ও কর্মজীবী মায়েরা প্রতিদিন চরম ভিড়ের মধ্যে বাসে উঠতে গিয়ে হয়রানির শিকার হন। বাসের কন্ডাক্টর ও চালকদের দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা এবং সবচেয়ে বড় কথা— ভ্রমণকালে ইভটিজিং বা মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হওয়া নারীদের নিত্যদিনের ঘটনা।
শিশুরা আমাদের ভবিষ্যৎ, অথচ গণপরিবহনে তাদের জন্য ন্যূনতম অনুকূল পরিবেশ নেই। অতিরিক্ত ভিড়, উচ্চশব্দে চলা হর্ন, বাসের ধোঁয়া এবং গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা শিশুদের কোমল মনে গভীর বিরূপ প্রভাব ফেলে। অনেক সময় অভিভাবক বা মায়েরা ছোট বাচ্চাদের নিয়ে বাসে উঠলে দাঁড়ানোর তো দূরে থাক, তিলধারণের ঠাঁই পাওয়া যায় না। শিশুদের জন্য গণপরিবহন ভীতিকর এক অভিজ্ঞতার রূপ নেয়। এই শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি:
১. বাসগুলোয় প্রবীণ, নারী ও শিশুদের জন্য নির্ধারিত আসনগুলোর কার্যকারিতা কঠোরভাবে নিশ্চিত করতে হবে এবং অন্য যাত্রীরা যেন সেখানে না বসেন, তা পরিবহন শ্রমিকদের তদারকি করতে হবে। ২. পরিবহনকর্মীদের জন্য বিশেষ শিষ্টাচার ও সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, যেন তারা প্রবীণ ও নারীদের প্রতি সম্মানজনক আচরণ করেন। ৩. শহরভিত্তিক রুটে বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর সময়ে নারী ও শিশুদের জন্য ডেডিকেটেড বাস বা সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। ৪. নারীদের প্রতি যেকোনো ধরনের হেনস্তা বা হয়রানির বিরুদ্ধে আইনানুগ শাস্তি কঠোর করতে হবে।
একটি দেশের গণপরিবহন ব্যবস্থা কেমন, তা দিয়ে সেই সমাজের সভ্যতার মান বিচার করা যায়। প্রবীণদের সম্মান, নারীদের নিরাপত্তা এবং শিশুদের সুস্থ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবহন মালিক সমিতি এবং সাধারণ জনগণ— সবার সমন্বিত উদ্যোগ আজকের বড় দাবি।
লেখক: সচেতন নাগরিক, নয়াপাড়া, শাহবাজপুর, জামালপুর



