জন্মদিনে স্মরণ
আমেরিকার জাদুঘরে হুমায়ূন আহমেদ

আমরা এসেছি নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি দেখতে। পৃথিবীর অন্যতম বড় এই জাদুঘরে আমাদের নামিয়ে দিয়ে নূরুদ্দীন ভাই চলে যাবেন। তিনি নিউ ইয়র্কে প্রবাসী লেখক মুনিয়া মাহমুদের স্বামী। বিকালে গাড়ি নিয়ে এসে আবার আমাদের তুলে নেবেন। নামিয়ে দেওয়ার সময় বললেন, ‘যাওয়ার আগে বেশি করে হট ডগ আর পানি কিনে নেন। ভেতরে খাবারের দাম বেশ চড়া।’
কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে কয়েকটি হট ডগ কিনে নিলাম। হুমায়ূন আহমেদ সেদিন মাথায় উইগ পরে এসেছেন। ক্যানসারের চিকিৎসায় মাথার চুল পড়ে যাওয়ার পর কিছুদিন আগে বেশ দাম দিয়ে উইগটি কিনেছেন। শখ করে মাঝেমধ্যে পরেন।
মিউজিয়ামের বিশাল হলরুমে ঢুকতেই চোখে পড়ল মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ডাইনোসরের কঙ্কাল। এত বড় সংগ্রহশালা এক দিনে ঘুরে দেখা সম্ভব নয়। মুনিয়া টিকিট সংগ্রহ করলেন। অন্যদিকে হুমায়ূন আহমেদ ও শাওন ভাবি ম্যাপ দেখে ঠিক করছেন কোথা থেকে ঘোরা শুরু করবেন।
সবাইকে ডেকে হুমায়ূন আহমেদ বললেন, ‘আমরা প্রথমে বাটারফ্লাই কনজারভেটরি দেখব। বাচ্চারা খুব মজা পাবে। তারপর অন্য জায়গাগুলো ঘুরব। অমিয়-অন্বয় মা-বাবার হাত ধরে থাকবে। এত বড় জায়গায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল।’
নিনিত ও নিষাদ স্ট্রলারে বসে আছে। অমিয় অবশ্য মা-বাবার হাত ধরতে রাজি নয়। সে বরং স্ট্রলার ঠেলতেই বেশি আগ্রহী।
আমাদের প্রথম গন্তব্য বাটারফ্লাই কনজারভেটরি। ভেতরে ঢুকতেই চারদিকে অসংখ্য রঙিন প্রজাপতি উড়তে দেখলাম। গাছপালা ও ফুল দিয়ে জায়গাটিকে এমনভাবে সাজানো হয়েছে যে মনে হয়, সত্যিকারের কোনো রেইনফরেস্টে চলে এসেছি। কেউ ফুলের ওপর বসছে, কেউ পাতায়, কেউবা উড়ে বেড়াচ্ছে এদিক-ওদিক।
হুমায়ূন আহমেদ দুই ছেলেকে নিয়ে মুগ্ধ হয়ে প্রজাপতি দেখছেন। কখনো নিষাদকে কাছে টেনে নিচ্ছেন, কখনো নিনিতকে কোলে নিয়ে দেখাচ্ছেন। মাঝেমধ্যে দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে নানা তথ্যও জেনে নিচ্ছেন। তার চোখেমুখে শিশুসুলভ কৌতূহল। মনে হচ্ছিল, বাচ্চাদের মতো তিনিও নতুন এক জগৎ আবিষ্কার করছেন।
প্রদর্শনী দেখে বেরিয়ে আসার পর তিনি বললেন, ‘তোমরা সুযোগ পেলে ব্যাঙের প্রদর্শনীটাও দেখে নিয়ো। গত বছর এসেছিলাম, তখন দেখেছিলাম। ব্যাঙের এত রঙ আর বৈচিত্র্য, আগে ধারণাই ছিল না। উজ্জ্বল কমলা, গাঢ় নীল, চোখধাঁধানো লাল— কত রকমের ব্যাঙ যে আছে!’
প্রকৃতি ও প্রাণিজগতের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। কোনো কিছু দেখলে শুধু মুগ্ধ হয়েই থেমে থাকতেন না, খুঁটিনাটি জানারও চেষ্টা করতেন।
এরপর আমরা গেলাম আফ্রিকান বন্যপ্রাণীদের প্রদর্শনীতে। হাতি, গরিলা, জিরাফ, গণ্ডারসহ নানা প্রাণীর মডেল এমনভাবে সাজানো যে মনে হয়, তারা নিজ নিজ পরিবেশে দাঁড়িয়ে আছে। নিষাদ ও অন্বয় খুব মনোযোগ দিয়ে দেখছিল। কোনো কোনো মডেল এতটাই বাস্তব যে কাছে যেতেও তারা একটু ভয় পাচ্ছিল। বাচ্চাদের আনন্দ দেখে হুমায়ূন আহমেদও খুশি।
মহাকাশবিষয়ক প্রদর্শনীতে চাঁদের পাথর দেখলাম।
এরপর গেলাম মূল্যবান পাথরের সংগ্রহশালায়। সেখানে হুমায়ূন আহমেদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে বিশাল নীলকান্তমণি ‘স্টার অব ইন্ডিয়া’র সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আমাদের সবাইকে ডেকে পাথরটি দেখালেন। মূল্যবান পাথরের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ব্যক্তিগত সংগ্রহেও নানা ধরনের পাথর রয়েছে। দেশের বাইরে বেড়াতে গেলে পাথর সংগ্রহ করতেন। সেদিন তাকে একটির পর একটি পাথর গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখে তার এই শখের কথা মনে পড়ল।
এরপর গেলাম প্ল্যানেটারিয়ামে। মহাকাশ অভিযান নিয়ে শো শুরু হতেই নিনিত কান্না শুরু করল। সম্ভবত অন্ধকার হলঘর দেখে ভয় পেয়েছে। হুমায়ূন আহমেদ ও শাওন ভাবি তাকে শান্ত করার চেষ্টা করলেন। একসময় তিনি ভাবিকে বললেন, ‘তুমি নিষাদকে নিয়ে শোটা দেখো। ওর ভালো লাগবে। আমি নিনিতকে সামলাচ্ছি।’
ভাবি ভেতরে চলে গেলেন। হুমায়ূন আহমেদ আর আমি নিনিতকে নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। পরে আবার ভেতরে ঢোকার চেষ্টা করতেই সে কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাইরে থাকাই ঠিক হলো।
সন্তানদের প্রতি তার এই মমতা আমার মনে দাগ কেটেছিল। নিজের পছন্দের অনুষ্ঠান ছেড়ে ছেলের পাশে বসে থাকলেন। কোনো বিরক্তি নেই, তাড়াহুড়ো নেই। নিনিতের ভয়টাই তখন তার কাছে বড়।
মিউজিয়ামে পাখির সংগ্রহ দেখেও তার কথা মনে পড়ছিল। পাখির প্রতি হুমায়ূন আহমেদের ছিল অসম্ভব ভালোবাসা। নুহাশপল্লীতে একসময় নানা প্রজাতির পাখি ছিল। নিজেই বহুবার টঙ্গীর পাখির হাটে গিয়ে পাখি কিনে এনেছেন। ঘুঘু কিংবা কবুতরের মাংস কখনো খেতেন না। বলতেন, ‘এত সুন্দর একটা জীবন্ত পাখি, সেটি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়।’
মিউজিয়ামের প্রতিটি তলায় গিফট শপ। সেখানে নানা ধরনের স্মারক ও খেলনা সাজানো। বাচ্চারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে হুমায়ূন আহমেদ আমাকে বললেন, ‘সবাই তো এখানে কেনাকাটায় ব্যস্ত। চলো, আমরা আবার একটু পাথরের হলটা ঘুরে আসি।’
আমরা দুজন আবার গেলাম মর্গান মেমোরিয়াল হল অব জেমসে। কিছুক্ষণ পর গিফট শপে ফিরে দেখি, কেউ নেই। অন্যদের খুঁজতে গিয়ে বুঝলাম, আমরা দলছুট হয়ে গেছি। ততক্ষণে সন্ধ্যা ৬টা। মিউজিয়াম বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না।
হুমায়ূন আহমেদ বললেন, ‘চলো, বেরিয়ে যাই। ওরাও নিশ্চয়ই আমাদের না পেয়ে বেরিয়ে গেছে।’
কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাওয়াই মুশকিল। এক্সিটের চিহ্ন দেখে এগোচ্ছি, কিছুদূর যাওয়ার পর আবার আগের জায়গায় ফিরে আসছি। নিরাপত্তাকর্মীদের সাহায্যে অনেক ঘোরাঘুরির পর অবশেষে বের হলাম। তবে যে পথ দিয়ে ঢুকেছিলাম, বের হলাম তার উল্টো দিকে, মিউজিয়ামের পেছনের একটি এক্সিট দিয়ে।
বাইরে প্রচণ্ড ঠান্ডা। হুমায়ূন আহমেদ বললেন, ‘মাজহার, এটা কী হলো? ওরা কোথায়?’
অনেকক্ষণ পর অন্যদের খুঁজে পেলাম। তারা সামনের এক্সিট দিয়ে বের হয়েছেন। নূরুদ্দীন ভাই তখনো গাড়ি নিয়ে পৌঁছাননি। পরে জানা গেল, তিনি প্রচণ্ড যানজটে আটকে আছেন। সবাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে অপেক্ষা করছি।
সেদিনের কথা মনে পড়লে মিউজিয়ামের বিশাল সংগ্রহের চেয়ে হুমায়ূন আহমেদের কিছু ছোট ছোট আচরণই বেশি মনে পড়ে— প্রজাপতি দেখে তার মুগ্ধতা, পাথরের প্রতি আগ্রহ, পাখির প্রতি মমতা আর সন্তানদের আনন্দে তার আনন্দিত হওয়া। হুমায়ূন আহমেদ বলেছিলেন, এই মিউজিয়াম দুবার কেন, দশবারও দেখা যায়। কথাটি যে কত সত্যি, সেদিন বুঝেছিলাম।
আরও একটি কথা মনে পড়ে। সেদিন আমরা প্রজাপতির প্রদর্শনী দেখলাম। আগের বছর তিনি দেখেছিলেন ব্যাঙের প্রদর্শনী। তার কাছ থেকেই জেনেছিলাম, এখানে মাকড়সারও প্রদর্শনী হয়। অথচ মাকড়সার প্রতি তার ছিল ভয়ানক ভীতি। তার লেখায়ও সে ভয়ের কথা এসেছে।
ভাবছিলাম, তৃতীয়বার এই মিউজিয়ামে এলে তিনি কি মাকড়সার প্রদর্শনী দেখতে যেতেন? স্রষ্টা কী বিচিত্র খেলাই না খেলেন! হুমায়ূন আহমেদ দুবার এই মিউজিয়ামে এলেন, অথচ একবারও তাকে মাকড়সার প্রদর্শনী দেখতে হলো না। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর মধ্যেও স্রষ্টার কোনো খেলা আছে?
ভাবনায় এতটাই ডুবে গিয়েছিলাম যে হুমায়ূন আহমেদের ডাকে সংবিৎ ফিরে পেলাম।
‘মাজহার! চলো, নূরুদ্দীন চলে এসেছে।’
মিউজিয়ামের দীর্ঘ একটি দিন শেষ হলো। কিন্তু হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো সেই দিনের স্মৃতি আজও আমার মনে অমলিন।
লেখক: প্রকাশক, অন্যপ্রকাশ এবং কথাসাহিত্যিক



