ডাবলিনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক
- প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার প্রত্যয়

প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সংবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। রোববার (৮ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রেডকাউ হোটেলে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। একই অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্বও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে, দেশটিতে কর্মরত বাংলা ভাষার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত করা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জীবনযাত্রা, অর্জন, সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে চায়।
শুধু স্থানীয় সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকতে চায় না বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনা, সাফল্য এবং প্রবাসীদের নানা অর্জন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরাও সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনমত গঠন এবং প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা রয়েছে সংগঠনটির।
বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অভিজ্ঞ ও প্রতিথযশা সাংবাদিক জাহিদ মমিন চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন দেশের জনপ্রিয় গণমাধ্যমকর্মী সৈয়দ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আয়ারল্যান্ডে বাংলাদেশের সাংবাদিকতার পরিমন্ডলে অত্যন্ত পরিচিত মুখ মাহিদুল ইসলাম সবুজ। তাঁদের পাশাপাশি অভিজ্ঞ ও পেশাদার একঝাঁক সংবাদকর্মী সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আনুষ্ঠানিক অভিষেকের মধ্য দিয়ে দেশটিতে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, তথ্যের আদান-প্রদান এবং দায়িত্বশীল সংবাদচর্চার পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসের মাটিতে সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং নিজস্ব ভাষা, সংস্কৃতি, দেশীয় পরিচয় ও জাতীয় স্বার্থকে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেই বিবেচনায় বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আত্মপ্রকাশ আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির জন্য একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী ৮ নভেম্বরের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক পরিচিতির মধ্য দিয়ে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রমের দিকনির্দেশনাও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।



