ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত

ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন, ফরাসি ভাষা শেখা এবং স্থানীয় সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা। তাঁদের মতে, ইউরোপের শ্রমবাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে শুধু একাডেমিক ডিগ্রি নয়, ভাষাগত দক্ষতা, পেশাগত যোগাযোগ ও বাস্তব অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্য সামনে রেখে ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্টুডেন্টস নেটওয়ার্ক ফ্রান্স (বিএসএনএফ)।
সংগঠনটির উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য প্যারিসে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশায় যুক্ত বাংলাদেশিরা অংশ নেন। ‘যোগাযোগ, সহযোগিতা ও ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ, কর্মজীবনের প্রস্তুতি এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিএসএনএফের সভাপতি ড. শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মিহসান তামিম আয়োজনটির পরিচালনা ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন। নতুন শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের পরিচিতি এবং যোগাযোগ তৈরির লক্ষ্যে বিশেষ নেটওয়ার্কিং পর্বের আয়োজন করা হয়।
ক্যারিয়ার গঠনে ফরাসি ভাষার গুরুত্ব
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন পর্যটন ও ভ্রমণ খাতের উদ্যোক্তা তানজিম হোসাইন। তিনি ফ্রান্সে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ফরাসি ভাষাকে ক্যারিয়ারের পথে বাধা হিসেবে না দেখে নতুন সুযোগ তৈরির মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত। ভাষাগত দক্ষতা স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ, পেশাগত সম্পর্ক তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধানে সহায়ক হতে পারে।
আলোচনায় বক্তারা বলেন, ফ্রান্সে নতুন আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাসস্থান খোঁজা, প্রশাসনিক কাগজপত্র সম্পন্ন করা, স্বাস্থ্যসেবা গ্রহণ, ব্যাংকিং ও পরিবহনব্যবস্থা সম্পর্কে জানা এবং চাকরির বাজারের সঙ্গে পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ পাওয়া গেলে শিক্ষার্থীদের জন্য নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হতে পারে।
ইউরোপের চাকরির বাজারে পেশাগত যোগাযোগের প্রয়োজন
বিমানশিল্পের গবেষণা ও উন্নয়ন খাতের সঙ্গে যুক্ত প্রকৌশলী ড. ফ্রাঁসোয়া মিয়া ইউরোপের চাকরির বাজার এবং কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন।
আলোচনায় উঠে আসে, পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন, পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং সংশ্লিষ্ট খাতের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা নেওয়া ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে। পরিবর্তনশীল শ্রমবাজারে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার প্রস্তুতিও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
মূলধারার সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে কাজ করা ড. আবুল হাসনাত বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সের মূলধারার সমাজের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের শুধু নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা বাংলাদেশি কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সামাজিক কর্মকাণ্ড, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। এতে তাঁদের সামাজিক যোগাযোগের পরিধি বাড়ার পাশাপাশি ব্যক্তিগত বিকাশ ও পেশাগত অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে।
গবেষণায় বাংলাদেশি তরুণদের সম্ভাবনা
অনুষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিএসএনএফের কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাসুম প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফিজিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি গবেষক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি ইউরোপীয় শিক্ষাব্যবস্থায় গবেষণার সুযোগ এবং একাডেমিক পরিবেশে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গবেষণাক্ষেত্রে সাফল্যের জন্য একাডেমিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণা-নেটওয়ার্কের গুরুত্বও তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের সহযোগিতায় বিএসএনএফের উদ্যোগ
বিএসএনএফের সভাপতি ড. শামীম আহমেদ বলেন, নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরি এবং প্রয়োজনের সময় সহযোগিতা পাওয়ার কার্যকর পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য। অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে নতুনদের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে ফ্রান্সে তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনের পথচলা সহজ করতে চায় সংগঠনটি।
আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন বিএসএনএফের ব্র্যান্ড এক্সিকিউটিভ জাকারিয়া ভূঁইয়া এবং কমিউনিকেশন এক্সিকিউটিভ মোহাম্মদ রাকিবুল হাসান।
জাকারিয়া ভূঁইয়া ইউনিভার্সিটি প্যারিস-এস্ত ক্রেতেইয়ে (UPEC) স্যাটেলাইট মিশন অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। একই বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিকস, কম্পিউটার ভিশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন মোহাম্মদ রাকিবুল হাসান।
আয়োজকদের মতে, ফ্রান্সে নতুন আসা শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও চাকরির বাজার সম্পর্কে নানা সমস্যার মুখোমুখি হন। অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ থাকলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হতে পারে।
বক্তারা আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। তাই একাডেমিক সাফল্যের পাশাপাশি ফরাসি ভাষায় দক্ষতা, পেশাগত সক্ষমতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



